ডারহ্যাম, ইংল্যান্ড, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পঞ্চম দিনের শুরুতেই ম্যাথু হগার্ডের বলে ক্রিস গেইল কট বিহাইন্ড! চতুর্থ দিনশেষে ৫২ রানে অপরাজিত থাকা গেইল আর কোনো রান যোগ করতে পারেননি। ৩০ রানে পিছিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ এত বড় এক ধাক্কায় আশঙ্কার মধ্যেই পড়ে গিয়েছিল। অন্যদিকে ইতিমধ্যেই সিরিজ জিতে নেয়া ইংল্যান্ড উজ্জীবিত হয়ে উঠেছিল জয়ের আশায়। তবে ডারহ্যামের চেস্টার-লি-স্ট্রিটে মঙ্গলবার চতুর্থ ও শেষ টেস্টের শেষ দিনে লাঞ্চ পর্যন্ত আর উল্লাসে মেতে উঠতে পারেনি স্বাগতিকরা। বলা ভাল দুর্দান্ত ফর্মে থাকা শিবনারায়ন চন্দরপল ও ডোয়াইন ব্রাভো তাদেরকে সে সুযোগ দেননি। ঠান্ডা মাথায় ব্যাট করে লাঞ্চের সময় দলের স্কোর ৪ উইকেটে ১৩১ রান পর্যন্ত নিয়ে গেছেন তারা। প্রথম ইনিংসে ১৩৬ রানে অপরাজিত থাকা চন্দরপল তখন ব্যাট করছিলেন ৩২ রান নিয়ে। সঙ্গী ব্রাভো অপরাজিত ১৯ রানে। ওয়েস্ট ইন্ডিজের লিড ১৮ রানের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩০ ঘ.
bdnews24