ঢাকা, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এর আগে কারো সঙ্গে মৌখিক আলোচনায় বনিবনা হয়ে গেলে তাকেই কোচ হিসেবে নিয়োগ দিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এবার তারা হাটতে চাইছে অন্য পথে। রীতিমতো সাক্ষাৎকারের আনুষ্ঠানিকতা সেরে ঘটা করেই বাংলাদেশ দলের নতুন কোচের নিয়োগ দেবে তারা। এক্ষেত্রে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা --- ভারতীয় উপমহাদেশের অন্য এই তিন দেশের পদাঙ্কই অনুসরণ করতে যাচ্ছে তারা। সোমবার বিসিবির কোচ নির্বাচন কমিটির অনানুষ্ঠানিক সভায় হয়েছে এমনই সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের কথা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিসিবির সহ---সভাপতি এবং কোচ নির্বাচন কমিটির প্রধান শাহ নুরুল কবীর শাহীন,"এবার আমরা ঠিক করেছি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য নতুন কোচকে বেছে নেব। জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ডাকবো।"
সাক্ষাৎকারে ডাকার জন্য কয়েকজন কোচের একটি সংক্ষিপ্ত তালিকাও বোর্ড করেছে বলে জানালেন তিনি,"আমরা তিন থেকে চারজনকে সাক্ষাৎকারের জন্য ডাকবো।" তবে সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন, তাদের নাম প্রকাশে রাজী হননি শাহীন। যদিও জানিয়েছেন,"আমরা যাদের ডাকবো, তাদের প্রত্যেকেই অস্ট্রেলিয়ান।" শাহীন নাম না বললেও সেগুলো একেবারে গোপন থাকেনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই অস্ট্রেলিয়ানরা হচ্ছেন --- স্টিভ রিক্সন, জেমি সিডেন্স এবং টেরি অলিভার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.
bdnews24