করাচি, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) ---- ২০১১ বিশ্বকাপে ভিসা নিয়ে কোনো জটিলতা পোহাতে হবে না ক্রিকেটপ্রেমীদের। আগামী বিশ্বকাপের সময় চার সহ --- স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় একই ভিসা নিয়ে খেলা দেখতে যেতে পারবেন তারা। সোমবার এই চার দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক মিটিংয়ে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। সেই সঙ্গে টিকেটের দাম সবার সাধ্যের মধ্যে রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
"আগামী বিশ্বকাপে দর্শকদের সুবিধা দেয়ার জন্য সব ব্যবস্থাই নেয়া হবে। যার মধ্যে স্থানীয় দর্শকদের জন্য টিকেটের দাম কম রাখার ওপরে বিশেষ জোর দেয়া হবে"---- জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ার। অন্যদিকে পিসিবির চেয়ারম্যান উপমহাদেশে অনুষ্ঠেয় তৃতীয় বিশ্বকাপ সফল হওয়ার ব্যাপারে শুনিয়েছেন আশার বাণী,"পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা তিনটি দেশেরই বিশ্বকাপ আয়োজনের অতীত অভিজ্ঞতা রয়েছে। এবং আগামী বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম সেরা টুর্নামেন্টে পরিণত করার জন্য এই অভিজ্ঞতাকে ব্যবহার করবো আমরা।"
চারটি দেশের বিশ্বকাপ ভেন্যুগুলোর সুযোগ --- সুবিধা আরো বাড়ানোর লক্ষ্যে আইসিসি কাছে অর্থ সাহায্য চাওয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে মিটিংয়ে। ২০১১ বিশ্বকাপে ফাইনালসহ ২২টি ম্যাচ আয়োজনের সুযোগ পাবে ভারত। একটি করে সেমিফাইনালসহ পাকিস্তান ও শ্রীলঙ্কা পাবে ১৪ ও ৯টি ম্যাচ। আর বাকি ৬টি ম্যাচ হবে বাংলাদেশে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩০ ঘ.
bdnews24