২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রাম শেষ করে মাঠে বাংলাদেশ দল

কলম্বোতে পৌছানোর পর প্রথম দিনটা বিশ্রামেই কেটেছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দ্বিতীয় দিন থেকে অবশ্য মোহাম্মদ আশরাফুলরা পুরোদমেই নেমে পড়েছেন টেস্ট সিরিজের প্রস্তুতিতে। সোমবার সকাল থেকেই ছিল তাদের ব্যস্তসূচী। কলম্বোতে বাংলাদেশ দলের ঠিকানা হোটেল তাজ সমুদ্রের জিমনেশিয়ামেই সকালে জিম ওয়ার্ক সেরেছেন তারা। আর দুপুরের পর গেছেন সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সেখানে নেটে পুরোদমে ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কলম্বোতে পৌছানোর পর প্রথম দিনটা বিশ্রামেই কেটেছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দ্বিতীয় দিন থেকে অবশ্য মোহাম্মদ আশরাফুলরা পুরোদমেই নেমে পড়েছেন টেস্ট সিরিজের প্রস্তুতিতে। সোমবার সকাল থেকেই ছিল তাদের ব্যস্তসূচী। কলম্বোতে বাংলাদেশ দলের ঠিকানা হোটেল তাজ সমুদ্রের জিমনেশিয়ামেই সকালে জিম ওয়ার্ক সেরেছেন তারা। আর দুপুরের পর গেছেন সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সেখানে নেটে পুরোদমে ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। দেশ ছাড়ার আগে এই নেট প্র্যাকটিসের ওপরই এবার সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতা নতুন করে ভাবিয়ে তুলেছিল সবাইকে। সেজন্য এবার নেটে প্রত্যেক ব্যাটসম্যানের ব্যাটিংয়ের জন্য বরাদ্দ হয়েছিল বাড়তি সময়। ২০ মিনিট থেকে বেড়ে একেকজন ব্যাটসম্যান নেটে এক ঘন্টা করে ব্যাটিং করে গেছেন শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে। এর সুফল ভোগ করার আশার কথাই জানিয়ে গেছেন নতুন অধিনায়ক আশরাফুল। সেটা দেখার জন্য অবশ্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে। কারণ তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি। সেটা শুরু হবে ২৫ জুন থেকে, কলম্বোরই প্রেমাদাসা স্টেডিয়ামে। তার আগে দলের ব্যাটিংয়ের চিত্রটা খুঁজে পাওয়ার একটা সুযোগ ঠিকই থাকছে। কারণ প্রথম টেস্টের আগে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ জুন থেকে কলম্বো কোল্টস মাঠে শুরু হতে যাওয়া তিনদিনের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্থানীয় একটি দল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৪৫ঘ.