রিভারসাইড, ১৭ জুন ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সিমারদের জন্য অতি অনুকুল পরিবেশ। হাত থেকে বল ছাড়লেই ঘুরছে। তাই দর্শকপ্রিয় মন্টি পানেসারকে নামাতে ভালোই ভাবতে হয়েছে মাইকেল ভনকে। ক্রিজের একদিকে অবিচল পাহাড় হয়ে থাকা শিবনারায়ন চন্দরপল। টেল এন্ডারদের নিয়ে ধুকপুক করতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে অক্সিজেন জুগিয়েই যাচ্ছেন। নামলেন আগের টেস্টের হিরো পানেসার। আউট করলেন অনেকক্ষণ চন্দরপলকে সঙ্গ দেওয়া কোরি কলিমোরকে। তাতে ঠিক স্বস্তি কতটা ফিরল দেখে বোঝা যায়নি ভনকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ ততক্ষণে ২৮৭, চন্দরপল অপরাজিত রয়ে গেছেন ১৩৬ রানে। আর ডারহাম টেস্টের তৃতীয় দিনের চা বিরতির ঘণ্টা বাজিয়েছেন আম্পায়াররা।
আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিনের ৬ষ্ঠ ওভারেই হারিয়েছে ডোয়াইন ব্রাভোকে। ম্যাথু হগার্ডের বলে প্লেইড অন হওয়ার আগে চন্দরপলের সঙ্গে ৫ম উইকেটে ৮৬ রান যোগ করেছেন তিনি। মার্লন স্যামুয়েলসকে নিয়ে এরপর আরো ৫৮ রানের জুটি গড়েছেন চন্দরপল। রায়ান সাইডবটম ও স্টিভ হার্মিসন একে একে স্যামুয়েলস, দীনেশ রামদিন ও ড্যারেন পাওয়েলকে আউট করেন। ফিডেল এডওয়ার্ডসকে তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকারের স্বাদ পান সাইডবটম। কিন্তু চন্দরপলের প্রতিরোধের তখনও শেষ হয়নি। শেষ উইকেটে কলিমোরকে নিয়ে আরো ৫৮ রান জুগিয়েছেন স্কোরবোর্ডে। আগের টেস্টেই প্রায় ম্যাচ জেতানো সেঞ্চুরি, ২৪ রানের মাথায় ৭ হাজার টেস্ট রানের গণ্ডি পেরুনো চন্দরপল পেয়েছেন তার ১৬তম টেস্ট শতক। জানান দিয়েছেন- বৃষ্টির দোহাই যতই দিক, ইংল্যান্ডকে ডারহাম টেস্ট জিততে ঘাম ঝরাতেই হবে। সবচেয়ে মন খারাপ হতে পারে ইয়ান বেলের। ব্যক্তিগত ৯ রানে তার হাতেই জীবন পেয়েছেন চন্দরপল।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/২১৩০ঘ.
bdnews24