কলম্বো, ১৪ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- ক' দিন আগে পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার সময় বলেছিলেন,"তারা (পাকিস্তান) আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপাতত আমি সিদ্ধান্ত নিয়েছি অস্ট্রেলিয়ার প্রাইভেট স্কুলগুলোতে কোচিং করানোর।" অথচ সেই স্টিভ রিক্সনকেই রাখা হয়েছে শ্রীলঙ্কার সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায়। তিন জনের এই তালিকার অন্য দু জনও রিক্সনের মতোই অস্ট্রেলীয় ---- কুইন্সল্যান্ডের কোচ টেরি অলিভার ও নিউ সাউথ ওয়েলসের ট্রেভর বেলিস। আগামী সপ্তাহেই সাক্ষাতকার দেয়ার জন্য রিক্সনের শ্রীলঙ্কায় আসার কথা।
পাকিস্তানের কোচ হতে অস্বীকৃতি জানানোর সময় রিক্সন বলেছিলেন এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি। কিন্তু ভবিষ্যত কোচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটির সেক্রেটারি কে, মাদিভানান জানিয়েছেন অন্য কথা,"আমরা স্টিভ রিক্সন সহ তিন জন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা করেছি। এই দায়িত্বের জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকা সঠিক প্রার্থীকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।" সেই সঙ্গে এ মাসের মধ্যেই নতুন এক জন কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়ার ব্যাপারেও আশার কথা শুনিয়েছেন তিনি,"এই মাস শেষ হওয়ার আগেই সব কিছু চূড়ান্ত করার ব্যাপারে আমরা আশাবাদী।"
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৯০০ ঘ.
bdnews24