ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্টের টস বিতর্কের রেশ থাকলো শ্রীলঙ্কাগামী দলের সংবাদ সম্মেলনেও। " টস জিতলে বাংলাদেশ এবার কী করবে?"--- বৃহষ্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রশ্নটা শুনে ভারপ্রাপ্ত কোচ শন উইলিয়ামস বেশ বুঝলেন, কোন ঘটনাকে টেনে আনা হচ্ছে। প্রথমে তাই একচোট হেসে নিলেন। প্রচার আছে, মিরপুরে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা এককভাবেই নিয়েছিলেন বিদায়ী কোচ ডেভ হোয়াটমোর। এবং সেটা যে ভুলই ছিল, তার ইঙ্গিত শনের কথাতেও,"সবার আগে তো আমাদের কন্ডিশনটা বুঝে নিতে হবে। এরপরে যদি টস জিতি, তাহলে আশা করছি সঠিক সিদ্ধান্তটাই নেব আমরা।"
শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। তবুও সেখানে এর আগের সফরগুলোতে বাংলাদেশের সুখকর কোনো স্মৃতি নেই। বরং বিধ্বস্ত হয়ে ফেরার অভিজ্ঞতাই হয়েছে কেবল। অবশ্য এক অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দলই ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে গিয়ে নিকট অতীতে সুবিধা করতে পারেনি। শনিবার রাতে সেই শ্রীলঙ্কার উদ্দেশেই রওনা হয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এবারো কী সেখানে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতাই অপেক্ষা করে আছে? এই প্রথম বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়া শন জোর গলায় 'না' বলে দিচ্ছেন। তার ভাষায়,"এবার সেরকম হবে না। কারণ আমাদের এই দলের ছেলেরা দ্রুত শিখছে। অবশ্যই শ্রীলঙ্কা সফরটা একটা চ্যালেঞ্জ। নিজেদের মাটিতে তারা কঠিন প্রতিপক্ষ। তবে ভালো খেলতে পারলে আমাদেরও প্রাপ্তি থাকবে।"
প্রথমেই তিন টেস্টের সিরিজ। ওই সিরিজে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রাপ্তি ধরবেন এটাকেই,"প্রথমেই টেস্ট দিয়ে সিরিজ শুরু হচ্ছে। লক্ষ্য থাকবে তিনটা টেস্ট ম্যাচকেই যেন আমরা পাঁচদিনে নিয়ে যেতে পারি। আমি আত্মবিশ্বাসী যে, সেই লক্ষ্যে আমরা পৌছাতে পারবো।" গত কয়েকদিনের প্র্যাকটিসকেই নিজের বিশ্বাসের ভিত ধরছেন শ্রীলঙ্কা সফর দিয়েই নিজের অধিনায়কত্বের ইনিংস শুরু করতে যাওয়া আশরাফুল। বিশেষ করে বলছেন গত সপ্তাহখানেক ধরে ব্যাটসম্যানদের নিজেদের ঝালিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাওয়ার কথা। যেখানে আগে নেটে সর্বোচ্চ ২০ মিনিট ব্যাটিং করতে পারতেন একেকজন ব্যাটসম্যান, এবার সেটা বাড়িয়ে করা হয়েছে এক ঘন্টা। এরই ফল শ্রীলঙ্কা সফরে দেখতে পাওয়া যাবে বলে আশাবাদী অধিনায়ক, "এবার প্র্যাকটিসে আমরা ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছিলাম। চেষ্টা করেছি যে যার ভুলগুলো শুধরে নিতে। আমাদের খেলা শেষ টেস্টটাতে (ভারতের বিপক্ষে) আমরা ভালো ব্যাটিং করিনি বলেই গত এক সপ্তাহ ধরে এজায়গাটাতেই বেশি শ্রম দিচ্ছিলাম। সবারই টেকনিক ঠিক ছিল। এবং এই সময়টাতে সব ব্যাটসম্যানই ভালো করছিল।" টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বল শট সিলেকশনের যে অভিযোগ, এবার সেটা থেকেও মুক্তির লক্ষণও প্র্যাকটিসে দেখেছেন বলেই দাবি করলেন তিনি,"প্র্যাকটিসে এবার আমরা প্রত্যেকেই অনেক সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। তো সেখানে আমরা সবাই---ই বলের মেধা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।"
আগের শ্রীলঙ্কা সফরে যাওয়া দলগুলোর সঙ্গে এবারের দলের তফাতও দেখছেন বাংলাদেশ অধিনায়ক,"আমাদের দল গত ১২/১৩ মাসে অনেক উন্নতি করেছে। ২০০৫ কিংবা ২০০৬ সালের তুলনায় দলের প্রত্যেক ব্যাটসম্যান বোলার অনেক বেশি আত্মবিশ্বাসী। জানি শ্রীলঙ্কাতে গিয়ে অনেক বড়ো বড়ো দলও ভালো করেনি। এবার ভালো করবো বলতে পারছি কারণ, এখন আমরা সবাই আগের চেয়ে বেশি অভিজ্ঞ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৩০ঘ.
bdnews24