কিংস্টন, ১৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ রয়টার্স)--- শেষ হয়েও আদপে শেষ হচ্ছে না বব উলমারের মৃত্যু নিয়ে রহস্য। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জ্যামাইকা পুলিশ জানিয়েছিল স্বাভাবিক মৃত্যুই হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ কোচের। এর ২৪ ঘণ্টা পর জ্যামাইকা সরকার সিদ্ধান্ত নিয়েছে উলমারের মৃত্যুর তদন্ত পর্যালোচনা করতে একটি কমিশন গঠনের। বুধবার দ্বীপদেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পিটার ফিলিপস সংসদে বলেছেন, "দেশে ও বিদেশে এ নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ থাকায় আমি ঠিক করেছি একটি কমিশন গঠন করব ব্যাপারটা পর্যালোচনা করতে।"
ফিলিপস জানিয়েছেন আগামী মাসের শেষ নাগাদ কমিশনের প্রতিবেদন আশা করছেন তিনি। বলেছেন, "তদন্তকারী পুলিশ কর্মকর্তা এবং পাশাপাশি চিকিৎসক ও সংশ্লিষ্টদের পেশাদারিত্বের মান অবশ্যই খতিয়ে দেখা উচিত হবে। পুরো ব্যাপারটা ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, আমি ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের রিপোর্ট আশা করছি।"
গত ১৮ মার্চ আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের অপ্রত্যাশিত বিশ্বকাপ হারের ঘণ্টাকয়েক পরে হোটেল কক্ষে মৃত পাওয়া যায় বব উলমারকে। সে সময় ময়না তদন্তে উলমার খুন হয়েছেন বলে জ্যামাইকা পুলিশ দাবি জানালেও মঙ্গলবার তা থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যায় তাদের বক্তব্য। ব্রিটেন, কানাডা ও দক্ষিণ আফ্রিকার তিনজন প্যাথলজিস্ট ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করে রায় দেন, উলমার খুন হননি।
কিন্তু প্রাথমিক ময়না তদন্তের দায়িত্বে থাকা প্যাথলজিস্ট ইরে শেসাইয়া তার ধারণা থেকে সরে আসেননি। উলমারকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে জানিয়ে গত বুধবার স্থানীয় অবজার্ভার পত্রিকায় একটি সাক্ষাতকার দিয়েছেন তিনি। বলেছেন, "আমি আমার বক্তব্যে অটল। তিনি (উলমার) খুন হয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ ওআরপি/ ১৬০৫ঘ.
bdnews24