চেন্নাই, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- প্রথম ম্যাচে পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন শন পোলক। তাতে এশিয়ার ৩১৭ রানকেও চোখ রাঙ্গিয়েছিল আফ্রিকা। কিন্তু শনিবার তিন ওয়ানডের দ্বিতীয়টিতে আফ্রিকার কেউ বড় ইনিংস খেলতে পারেননি। পরিনামে তারা ৪৯.৫ ওভারে ৩০৬ রানে অলআউট। যার অর্থ, ৭ উইকেটে ৩৩৭ রান করা এশিয়া ৩১ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিয়েছে রোববারের ম্যাচকে স্রেফ আনুষ্ঠানিকতায় পরিণত করে।
বীরেন্দর শেবাগের পর মাহেলা জয়াবর্ধনে, মোহাম্মদ ইউসুফ আর যুবরাজ সিংয়েরও ঝড়ো ইনিংস, সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরির আশা জাগানো ৮৮ রানের যোগফলেই দিন --- রাতের এ ম্যাচে রানের পাহাড়ে উঠেছিল এশিয়া। আগের ম্যাচের মতো এবারও তাড়াতাড়িই বিদায় নিয়েছিলেন জয়াসুরিয়া (১১)। কিন্তু তার বিদায়কে বড় ধাক্কা হতে দেননি শেবাগ। তাই এশিয়ার ৮ দশমিক ৫ ওভারে ওভারে ৫০, ১৭ দশমিক ৪ ওভারে ১০০ তুলতেও কোনো অসুবিধে হয়নি। ৩৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো ৫২ রানের ইনিংস খেলে শেবাগ চিগুম্বুরার বলে ফিরে যাওয়ার পর রানের গতি কিছুটা কমেছিল। সৌরভ গাঙ্গুলী একটু দেখে খেলতে না গেলে বোধহয় তা হতো না। ধোনি আগে ব্যাট করার সুযোগ কাজে লাগাচ্ছিলেন ভালোভাবেই, কিন্তু তাকে ফিরে যেতে হয় ৩৮ বলে ৩৩ রান করে আলভি মর্কেলের বলে বোল্ড হয়ে। এতে অবশ্য আফ্রিকার বোলারদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ হয়নি। মাহেলা জয়াবর্ধনে তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছিলেন!
জাস্টিন কেম্পের সৌভাগ্য যে ৪০ বলে ৪৫ রান করে জয়াবর্ধনে সৌরভের ভুলে রান আউট হয়েছেন, নইলে বিশ্বকাপ সেমিফাইনালের মতো আরেকটা ইনিংস খেলে আফ্রিকার জয়ের সম্ভাবনাকে হয়তো আরো দূরে ঠেলতেন শ্রীলঙ্কা অধিনায়ক। তারপরও এশিয়ার ব্যাটসম্যানরা যে শেবাগের গড়ে দেয়া ভিতের ওপর বেশ শক্ত একটা ভবন নির্মান করেছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবীদার। প্রশংসা যদি করতেই হয় তার ভাগ বেশি পাবেন মোহাম্মদ ইউসুফ আর যুবরাজ সিং। ইউসুফের ৪৪ বলে ৫১ আর যুবরাজের ১৩ বলে অপরাজিত ৩০ রান ছাড়া এশিয়া যে এত বড় স্কোর পেতো না তা কে না জানে!
৩৩৭ রানের জবাবটা আফ্রিকা ঠিকভাবে দিতে পেরেছে বাউচার ৭১ বলে ৭৩ রান করে দিলহারা ফার্নান্দোর দ্বিতীয় শিকার হওয়ার আগ পর্যন্ত। তখন আফ্রিকার স্কোর ৩৬ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২১৩। এর আগে দলের চাহিদা কিছুটা পূরণ করতে পেরেছেন শুধু ডিপেনার (৬৭) আর সিবান্দা (৩৫)। প্রথম পাঁচ ব্যাটসম্যানের বিদায়ের পর পোলক (৩৫) আবার নেমেছিলেন অসাধারণ কিছু করে সিরিজে সমতা ফেরানোর চেষ্টায়। কিন্তু শেবাগ তাকে মোহাম্মদ আসিফের ক্যাচ বানানোয় আফ্রিকা আর পেরে ওঠেনি। এশিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার দিলহারা ফার্নান্দো। ব্যাটসম্যানদের তান্ডবের এ ম্যাচে ৩৬ রানে ৪ উইকেট নিয়ে তিনিই জিতে নিয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার।
ক্রিকইনফো ---- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /২৩৩৩ ঘ.
bdnews24