৭ জুন, ম্যানচেস্টার, ইংল্যান্ড (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- তৃতীয় ওভারেই জেরম টেলরের বলে অ্যান্ড্রু স্ট্রাউস এলবিডাব্লু। বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া তৃতীয় টেস্টে সূচনাটা তাই এক দমই ভাল হয়নি ইংল্যান্ডের। তবে ওয়েস্ট ইন্ডিজের উল্লাস মিলিয়ে যেতেও সময় লাগেনি। লাঞ্চ পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করে স্বাগতিকদের আর কোনো ক্ষতি হতে দেননি অধিনায়ক মাইকেল ভন ও অ্যালিস্টার কুক। কিন্তু লাঞ্চের পর প্রতিপক্ষের পেসারদের তোপে বেশ বিপদেই পড়ে গেছে ইংলিশরা। চা --- বিরতির সময় ৫ উইকেটে ১৬৭ রান নিয়ে বেশ অস্বস্তিতেই ছিল তারা।
দুই অধিনায়কের কারোরই বোধহয় মন ভাল ছিল না টসের সময়। আগের টেস্টে এক ইনিংস ও ২৮৩ রানের বিশাল জয় পেলেও গত ক'দিনের ফ্লিনটফ --- বিতর্ক ভনকে কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছিল। তার প্রতিপক্ষ ড্যারেন গঙ্গার মানসিক অবস্থা অবশ্য আরো খারাপ হওয়ার কথা। নিয়মিত অধিনায়ক রামনরেশ সারওয়ান ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব এখন তার কাঁধে এবং গঙ্গার অধিনায়কত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে ক্যারিবীয়দের। এমন পরিস্থিতিতে টস করতে নেমে জয়ের হাসি হেসেছেন ভন। এবং সঙ্গে সঙ্গে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক। তারপরই স্ট্রাইসের (৬) বিদায় ও ভন --- কুকের প্রতিরোধের সূচনা।
লাঞ্চের পর অর্থাৎ দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই সেই প্রতিরোধ ভেঙ্গে দিয়েছেন কোরি কলিমোর। প্রায় ১৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে আগের ম্যাচে হেডিংলিতে সেঞ্চুরি করা ভনকে বোল্ড করেছেন তিনি। আউট হওয়ার আগে ইংল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪১ রান। ভন --- কুকের দ্বিতীয় উইকেট জুটি ১০৪ রান উপহার দিয়েছে স্বাগতিকদের। এর কিছুক্ষণ পর ইংলিশদের আরেকটা বড় ধাক্কা দিয়েছেন কলিমোর। হেডিংলিতে দারুণ এক ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডের জয়ের নায়ক পিটারসেনকে (৯) ব্রাভোর ক্যাচ বানিয়েছেন তিনি। ইংলিশদের স্কোর তখন ৩ উইকেটে ১৩২ রান। এবং চতুর্থ উইকেটের পতনও একই স্কোরে। শুরু থেকে আস্থার সঙ্গে ব্যাট করা কুককে (৬০) ব্রাভোর দ্বিতীয় ক্যাচ বানিয়ে প্রথম টেস্ট উইকেট পেয়েছেন ড্যারেন স্যামি। এর পর চা --- বিরতির খানিকক্ষণ আগে কলিংউডকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে ক্যারিবীয়দের পঞ্চমবারের মতো উল্লাসে ভাসিয়েছেন টেলর। চা --- বিরতির সময় ইয়ান বেল ১৬ ও ম্যাট প্রায়র ব্যাট করছিলেন ১ রান নিয়ে। টেলর ও কলিমোর নিয়েছেন দুটো করে উইকেট। তবে দুটোর বেশি উইকেট না পেলেও কলিমোরের বোলিং ফিগার (১৩ --- ৫ --- ২১ --- ২) ছিল দারুণ।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২১০৮ ঘ.
bdnews24