লন্ডন, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- কাঁধের ইনজুরির জন্য রামনরেশ সারোয়ানের ইংল্যান্ড সফর শেষ। তাই হঠাৎ দারুণ এক সুযোগ এসে গেছে ড্যারেন গঙ্গার সামনে। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুটো টেস্টের জন্য তাকেই অধিনায়ক করেছে ওয়েস্ট ইন্ডিজ।
হেডিংলি টেস্টের প্রথম দিনেই একটা বাউন্ডারি বাঁচানোর বেপরোয়া চেষ্টা করতে গিয়ে কাঁধে মারাত্মক ব্যথা পান এ সফরেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হওয়া রামনরেশ সারোয়ান। ওই চোটের কারণে হেডিংলি টেস্টের কোনো ইনিংসেই ব্যাট করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক। পরে এ সফরে আর খেলা সম্ভব নয় বলে দেশে ফিরে যেতেই বলা হয় তাকে। হেডিংলিতে সারোয়ানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন তার ডেপুটি। অবশ্য সিরিজের বাকি দুটি টেস্টে গঙ্গা আর সারোয়ানের ডেপুটি নন, পুরোদস্তুর অধিনায়ক। সফরের অন্য ম্যাচগুলোতে কে অধিনায়ক থাকবেন সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মুখপাত্র ইমরান খান জানিয়েছেন, টেস্ট সিরিজের পর যে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ও ওয়ানডে সিরিজ হবে সেগুলোর জন্য অধিনায়ক নির্বাচন করা হবে পরে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৭২২ ঘ.
bdnews24