ঢাকা, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইটে আফ্রো এশিয়া কাপের অভিযানে ভারত রওনা হয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ এবং তামিম ইকবাল।
আশরাফুল, রাজ্জাক ও তামিম এই তিনজন জায়গা পেয়েছেন এশিয়া একাদশের টুয়েন্টি---টুয়েন্টি দলে। ৫ জুন আফ্রিকা একাদশের বিপক্ষে টুয়েন্টি---টুয়েন্টি ম্যাচটা খেলে পরদিনই দেশে ফেরার ফ্লাইট ধরবেন তারা। তাদের সঙ্গী হওয়ার কথা ছিল মাশরাফিরও। প্রথমে এশিয়ার ওয়ানডে দলে তাকে রাখা না হলেও পরে ইনজুরির জন্য শোয়েব আখতারকে বাদ দিয়ে মাশরাফিকে এশিয়ার ওয়ানডে দলে অন্তর্ভূক্ত করা হয়। আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য তার সঙ্গে ভারতে থেকে যাবেন রফিকও। ৬, ৯ ও ১০ জুন অনুষ্ঠেয় ম্যাচগুলোর পর ১১ জুন তাদের দুজনের দেশে ফেরার কথা। ম্যাচগুলো হবে চেন্নাই ও ব্যাঙ্গালোরে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এমএম/১৫৫৭ ঘ.
bdnews24