চেন্নাই, ভারত, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- বিশ্বকাপের দলে ছিলেন, তবে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি ইরফান পাঠান। এ ধরনের উপেক্ষা আর বঞ্চনা অবশ্য বহু দিন ধরেই এই বাঁহাতি পেসারের সঙ্গী। তবে এবার সব উপেক্ষার জবাব দিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছেন তিনি। কঠোর পরিশ্রম করে চলেছেন অবিশ্রান্তভাবে। চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে ৬ দিন কাটানোর পর ইরফানের বিশ্বাস, হারানো ছন্দ অনেকটাই ফিরে পেয়েছেন তিনি। এবং জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাসও অনেকটাই অর্জিত হয়েছে তার চেন্নাই সফরে।
এক সময় তিনিই ছিলেন ভারতের পেস আক্রমণের প্রাণশক্তি কিংবা 'নিউক্লিয়াস'। কিন্তু ভারতের সদ্য বিদায়ী কোচ গ্রেগ চ্যাপেল ইরফানের ব্যাটিং -- প্রতিভাকে (!) তুলে ধরার আশায় তার বোলিংয়ের সেই ধারকেই নষ্ট করে দিয়েছিলেন অনেকখানি। ফলাফল, তার মাঠের বাইরে চলে যাওয়া। দু বছর আগে করাচি টেস্টে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা ইরফান সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। সুযোগ না পেয়ে হতাশ, বিরক্ত এই পেসার তাই সিদ্ধান্ত নিয়েছিলেন এমআরএফ পেস ফাউন্ডেশনে যাবার। সেখানে গিয়ে দারুণ উপকৃতও হয়েছেন বলে জানিয়েছেন ইরফান,"আমি আমার আসল বোলিং ছন্দ ফিরে পেয়েছি। আপনারা নিশ্চয়ই আমার চেহারার ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছেন। অ্যাকাডেমিতে ফিরে ভুলগুলো শোধরাতে পেরে আমি দারুণ খুশি।"
ইরফানের এই আনন্দের পেছনে সবচেয়ে বড় অবদান এমআরএফ --- এর প্রধান কোচ শেখরের। ২০০৫ --- ০৬ মৌসুমে পাকিস্তান সফরে ছন্দ হারিয়ে ফেলার পর অনেক বিশেষজ্ঞের পরামর্শেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তার ভুলটা শুধরে দিয়েছেন শেখর, "আমার কোথায় ভুল হচ্ছে তা জানাতে শেখরের মাত্র দুই সেকেন্ড লেগেছে। তিনি আমার বোলিংয়ের কিছু কৌশলগত দিক নিয়ে কাজ করেছেন। গত সোমবার থেকে ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি। পুরনো, প্রায় পুরনো ও নতুন বলে এখানকার নেটে বল করেছি আমি।"
এই প্রচেষ্টার কারণে শুধু ছন্দই নয়, আত্মবিশ্বাসও যেন ফিরে পেয়েছেন ইরফান। তার পারফরম্যান্স -- কোচ শেখরও দারুণ সন্তুষ্ট। কোচের সন্তুষ্টি আর নিজের ছন্দ ফিরে পাওয়ার আনন্দে পুরনো রূপে প্রত্যাবর্তনের ঘোষণা দিতেও দ্বিধা করছেন না ইরফান,"শেখর কখনোই নম্র ভাষায় কিছু বলেন না। তবে তিনি সব কিছুই পরিষ্কার করে জানান। আজ (শনিবার) আমাকে বলেছেন যে তিনি সন্তুষ্ট। অবশ্য জাতীয় দলে ফেরার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ঘরোয়া ক্রিকেটেও প্রমাণ করতে হবে নিজেকে। সবচেয়ে বড় কথা, এখানে কয়েক দিন কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার মতো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমি।"
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এসি/১৭১২ ঘ.
bdnews24