মেলবোর্ন, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- প্রায় আড়াই মাস কেটে গেলেও বব উলমারের মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয়নি। তদন্তকারী কর্মকর্তাদের শুরু থেকেই ধারণা, খুন হয়েছেন সর্বকালের অন্যতম সেরা কোচ। কেউ বা আবার একে স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখতেই বেশি আগ্রহী। এই শেষের ধারণাটা এবার আরেকটু জোরালো হতে পারে। শনিবার বৃটেনের বিখ্যাত পত্রিকা 'ডেইলি মেইল' জানিয়েছে, খুন নয়, পাকিস্তানের সাবেক কোচ উলমারের স্বাভাবিক মৃত্যু হয়েছিল!
গত ১৮ মার্চ কিংস্টনের পেগাসাস হোটেলের ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায় পাকিস্তানের কোচ উলমারকে। তার ঠিক আগের দিন আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। প্রাথমিক তদন্তের পর জ্যামাইকা পুলিশ জানিয়েছিল শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। বিষপ্রয়োগের কথাও শোনা গেছে এর পর। তবে এখন 'ডেইলি মেইল' জানাচ্ছে, শ্বাসরোধ কিংবা বিষপ্রয়োগ নয়, স্বাভাবিক মৃত্যুই হয়েছিল 'ল্যাপটপ' কোচ হিসাবে পরিচিত উলমারের। তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র নাকি এই তথ্য দিয়েছে পত্রিকাটিকে।
শুধু তাই নয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের যাচাই রিপোর্ট দেখে জ্যামাইকার পুলিশ নাকি গোপনে তাদের কাছে স্বীকার করেছে যে উলমারের মৃত্যুর সঙ্গে কোনো তৃতীয় পক্ষ জড়িত নয়। ঐ সূত্রের উদ্ধৃতি দিয়ে 'ডেইলি মেইল' জানিয়েছে,"মিস্টার উলমার সুস্থ ছিলেন না। তার স্বাভাবিক মৃত্যুর তত্ত্বই এখন গ্রহণ করা হয়েছে।" হার্ট অ্যাটাক কিংবা ডায়াবেটিসের কারণেই যে উলমারকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, তার ইঙ্গিতই দিয়েছে পত্রিকাটি।
জ্যামাইকা পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ডস এই হত্যা তদন্তের প্রধান কর্মকর্তা। শুরু থেকে শিল্ডস এটাকে হত্যা বলে আসলেও এখন 'ডেইলি মেইল' তার এক জন সমালোচককেও খুঁজে পেয়েছে। তিনি আবার শিল্ডসেরই এক জন সহকর্মী! সেই সহকর্মীকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে,"সব কিছু পুক্সক্ষানুপুক্সক্ষভাবে বিবেচনা করে তার (শিল্ডসের) উচিৎ ছিল দ্বিতীয় ময়নাতদন্তনিশ্চিত করা। মৃত্যুটা রহস্যজনক হলেও তিনি তাড়াহুড়া করে বিবৃতি দিয়ে এটাকে হত্যা হিসাবে বর্ণনা করেছেন। তিনি আসলে হাসির পাত্রে পরিণত হতে যাচ্ছেন।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৪৩৭ ঘ.
bdnews24