২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামনরেশ সারওয়ানের আশা---হতাশা

ইনজুরিতে পড়ে শেষ হয়ে গেছে তার ইংল্যান্ড সফর। তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার মানতে হয়েছে। স্বাভাবিকভাবেই রামনরেশ সারওয়ানের মানসিক অবস্থা এখন শোচনীয়। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের দৃঢ় বিশ্বাস, হেডিংলি টেস্টে এক ইনিংস ও ২৮৩ রানের লজ্জাজনক পরাজয় থেকে তার দল ভাল মতোই শিক্ষা নিতে পারবে। এবং তার অনুপস্থিতিকে ভুলে গিয়ে পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বার্বাডোজ, ১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--- ইনজুরিতে পড়ে শেষ হয়ে গেছে তার ইংল্যান্ড সফর। তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার মানতে হয়েছে। স্বাভাবিকভাবেই রামনরেশ সারওয়ানের মানসিক অবস্থা এখন শোচনীয়। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের দৃঢ় বিশ্বাস, হেডিংলি টেস্টে এক ইনিংস ও ২৮৩ রানের লজ্জাজনক পরাজয় থেকে তার দল ভাল মতোই শিক্ষা নিতে পারবে। এবং তার অনুপস্থিতিকে ভুলে গিয়ে পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে তারা। হেডিংলিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে একটি বাউন্ডারি ঠেকানোর সময় মাঠের বাইরের বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে কাঁধে ব্যথা পেয়েছিলেন সারওয়ান। দুই ইনিংসের কোনোটাতে ব্যাট করতে তো পারেনইনি, এমনকি এই সফরে আর কোনো ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় ফিরতে হয়েছে দেশেও। অসহায়ভাবে মাঠের বাইরে বসে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় দেখতে হয়েছে বলে তার দুঃখও বেড়ে গেছে বহু গুণ,"হেডিংলির ঘটনা সত্যিই খুব দুঃখজনক। মাঠে গিয়ে সতীর্থদের সাহায্য করতে পারবো না জানার পর আমি আরো বেশি হতাশায় আক্রান্ত হয়েছিলাম।" তবে ৭ জুন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়াতে পারবে বলেই সারওয়ানের বিশ্বাস,"আমার ধারণা তাদের (ওয়েস্ট ইন্ডিজের) মধ্যে লড়াই করার দারুণ ক্ষমতা রয়েছে। আমি নিশ্চিত তৃতীয় টেস্টে তাদের পারফরম্যান্স অনেক ভাল হবে।" এবং ভাল পারফরম্যান্সের জন্য সতীর্থদের প্রতি তার পরামর্শ,"পরের টেস্টে খেলতে নামার সময় তাদের প্রয়োজন ফর্মের উন্নতি এবং ভাল মানসিক অবস্থা।" এদিকে সারওয়ানের জায়গায় মারলন স্যামুয়েলসকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে মোটামুটি ভাল পারফর্ম করলেও ইংল্যান্ড সফরের দলের বাইরে রাখা হয়েছিল তাকে। ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এমএম/২০৪৪ ঘ.