করাচি, ২৯ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কারণ অনুসন্ধানে গড়া পারফরম্যান্স মূল্যায়ন কমিটির (পিইসি) অভিমত ছিল, সব কিছুর জন্য প্রধানত ইনজামাম --- উল হকই দায়ী। শুধু তাই নয়, ইনজামামের বিরুদ্ধে 'স্বৈরাচারী' মনোভাবের অভিযোগও এনেছিল এই কমিটি। এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক যে শাহরিয়ার খানের ইন্ধনেই স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, তা -- ও জানিয়েছিলেন তারা। গত আগস্টে ক্রিকেট বিশ্বে তোলপাড় তোলা সেই ওভাল টেস্টের বিতর্কিত ঘটনার সময়টাতে শাহরিয়ার ইনজামামকে অন্যায়ভাবে সমর্থন দিয়েছিলেন, এমন অভিযোগও এনেছে পিইসি। তবে পিসিবির সাবেক চেয়ারম্যান একেবারে উড়িয়েই দিয়েছেন সব অভিযোগ। দ্বিধাহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, অভিযোগগুলো একদমই ভিত্তিহীন।
"পিইসি আমার মেয়াদকাল সম্পর্কে আলোচনা করেছে এবং আমার সমালোচনাও করেছে। তবে আমি ইনজামামকে 'স্বৈরাচারী' হিসাবে গড়ে তুলেছি এমন যে অভিযোগ তারা এনেছে, তা সম্পূর্ণ ভুল"--- পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক 'দ্য ডন' এর সঙ্গে কথা বলার সময় শাহরিয়ার খানের মন্তব্য। এরপর তিনি অধিনায়ক ইনজামামের পক্ষ নিয়ে বলেছেন,"আমি বলছি না যে ইনজামাম একজন আদর্শ অধিনায়ক। তবে সে ছিল তুলনামূলকভাবে ভালো পছন্দ। সে ব্যাট হাতে ভালো পারফর্ম করার পাশাপাশি ভালো অধিনায়কত্বও করেছে। এমন কোনো সত্যিকার ক্রিকেটপ্রেমী পাওয়া যাবে না যে দু বছর আগে বলতে পারতো ইনজামামকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া দরকার, কারণ, সে একজন 'স্বৈরাচারী' কিংবা অতিধার্মিক। আমি বিশ্বাস করি, কঠিন সময়ে ইনজামামই ছিল পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এরপর মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করেছে মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খান। ইনজামামেরও কিছু ঘাটতি আছে। তবে প্রয়াত কোচ বব উলমার আর তার মিলিত প্রচেষ্টা বিশ্ব র্যাংকিংয়ে পাকিস্তানকে ৭ থেকে তিন নম্বরে উন্নীত করেছে।"
অবশ্য এত প্রশংসা করলেও অধিনায়ক ইনজামামের সব দাবী মেনে নেয়ার কথাও অস্বীকার করেছেন শাহরিয়ার খান," অধিনায়ক হিসাবে পিসিবির কাছে যে কোনো দাবী করার অধিকার ছিল ইনজামামের। তবে অনেক ব্যাপারেই তার দাবী আমি মেনে নেইনি। উদাহরণ হিসাবে বলা যায়, সে দলে মঈন খানকে রাখতে চেয়েছিল। কিন্তু আমরা কামরান আকমলকে নিয়ে এসেছি দলে। তেমনি ভারতে সর্বশেষ সফরে নির্বাচকরা ইয়াসির হামিদকে দলে রেখেছিলেন। যদিও এ ব্যাপারে তাদের সঙ্গে ইনজামাম একমত হয়নি।" গত বছর পিসিবির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানো শাহরিয়ার খান আরো জানিয়েছেন, বহুল আলোচিত ওভাল টেস্টের পর তিনি ইনজামামকে মোটেও সমর্থন জানাননি,"ওভাল ঘটনায় আমি ইনজামামকে সমর্থন করিনি।"
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/ এসি/১৭৫৯ ঘ.
bdnews24