করাচি, মে ২৯ (বিডিনিউজ২৪.কম/রয়টার্স) --- পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক হওয়ার জন্য দ্বন্দ্ব,সংঘাত কম হয়নি। কখনো কখনো তা শালীনতার সীমাও ছাড়িয়েছে। ইউনিস খান সেখানে ব্যতিক্রম। অধিনায়ক হওয়ার জন্য কোনো বিবাদে তো জড়ানইনি, উল্টো বোর্ডের দেয়া প্রস্তাব ফিরিয়ে হয়েছেন সমালোচিত। পাকিস্তান দলে না খেলে গিয়েছেন ইংলিশ কাউন্টি খেলতে। অনেকে আশঙ্কা করছিলেন,এ জন্য হয়তো শাস্তি পেতে হবে তাকে। কিন্তু মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ডা. নাসিম আশরাফ জানিয়েছেন,ইউনিসের কোনো শাস্তি হবে না, কারণ তার মতে সেরকম কোনো অপরাধ পাকিস্তানের এই ব্যাটসম্যান করেননি,"আমি মনে করিনা ও কোনো শৃঙ্খলাভঙ্গের কাজ করেছে। ওটা ছিল ওর নিজস্ব সিদ্ধান্ত। এটা তো ঠিক, নিজের জন্য যা ভালো মনে করবে তা করার অধিকার ওর আছে।"
গত বছরও একবার ভারত সফরে ইনজামামের অনুপস্থিাতিতে অধিনায়ক হতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইউনিস খান। তখন পরিস্থিতি কোনোরকমে সামাল দেয়া গেলেও বিশ্বকাপ ব্যর্থতার পর ইনজামাম যখন ওয়ানডে এবং অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তখনও পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া হয় তাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন ২০০৫ থেকে ইনজামামের ডেপুটির দায়িত্বে থাকা ইউনিস। সেখানেই শেষ নয়। এ মাসে আবুধাবিতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার অনুরোধও করা হয়েছিল তাকে। কিন্তু পিসিবির সেই প্রস্তাবও ইউনিস প্রত্যাখ্যান করেন কাউন্টিতে সেপ্টেম্বর পর্যন্ত ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বলে।
দেশের চেয়ে ইয়র্কশায়ারকে বেশি গুরুত্ব দেয়া যাদের কাছে অপরাধ মনে হয়েছিল তাদের হতাশ করে ডা. নাসিম আশরাফ জানিয়েছেন এমনটি করার পরও ইউনিস খানকে পাকিস্তান দলের বিবেচনার বাইরে রাখার প্রশ্নই ওঠেনা," ও যখনই নিজেকে পাকিস্তান দলে খেলার জন্য প্রস্তুত বলে জানাবে তখন থেকেই অন্য যে কোনো খেলোয়াড়ের মতো ও -- ও নির্বাচকদের বিবেনায় আসবে।"
বিডিনিউজ২৪.কম/এসি/১৩২২ ঘ.
bdnews24