রন আর্চার আর নেই
দুদিন আগে চিরবিদায় নিয়েছেন পঞ্চাশের দশকের সেই বিখ্যাত “অপরাজেয়” অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য বিল জন্সটন।
সেই শোকের আঁধার কাটতে না কাটতেই ফুসফুসের ক্যান্সারের কাছে হেরে পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই দলের আরেকজন-রন আর্চার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৫২-৫৩ মৌসুমে রন আর্চারের টেস্ট অভিষেক হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু দারুণ এই অলরাউন্ডারকে হাঁটুর চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হয় ২২ বছর বয়সে। ওই সময়ে ১৯ টেস্টে ২৪.৫৮ গড়ে ৭১৩ রান ও ফাস্টবোলিংয়ে ২৭.৪৫ গড়ে ৪৮ উইকেট পেয়েছিলেন আর্চার। ১৯৫৪-৫৫ মৌসুমে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ এক রেকর্ডের অংশীদার হয়েছিলেন তিনি। কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার যে পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন রন আর্চার তাদেরই একজন। সেখানে ১২৮ রানের চমৎকার এক ইনিংস খেলেছিলেন ডান হাতি এই ব্যাটসম্যান। তারপর আর কখনো টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি রন আর্চার।
