কোচের চেয়ে অধিনায়কের কর্তৃত্বই বেশি থাকা উচিত বলে মনে করেন হোয়াটমোর
ভারতীয় সাংবাদিকরা তার কাছে সাক্ষাৎকারের দাবি জানিয়ে আসছিলেন। ভারতের কোচের চাকরিটা খূব করে চাইছেন বলে সাক্ষাৎকার দেওয়ায় অনিচ্ছা ছিল না ডেভ হোয়াটমোরেরও।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছিল, সিরিজের মাঝপথে এমন কিছু নয়। সিরিজ শেষ হওয়ার পরে অবশ্য সাক্ষাৎকার দেওয়ায় কোনো বাঁধা নেই। আগেরদিন টেস্ট শেষে প্রেসবক্সে খবর পাঠিয়েছিলেন, সোমবার সকালে হোটেল শেরাটনে ভারতীয় সাংবাদিকদের আসার জন্য। ভেবেছিলেন হোটেলের লবিতেই কাজটা সেরে ফেলবেন। কিন্তু দলবেঁধে আসা ভারতীয় সাংবাদিকে লবি মুহুর্তেই জনাকীর্ণ হয়ে যাওয়ায় অন্য ব্যবস্থা করতে হলো তাকে। শেরাটনের মার্বেল রুমে মুখোমুখি হলেন অসংখ্য প্রশ্নের।
যার শুরুটা হলো ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তার তুমুল আগ্রহের কারণ জানতে চেয়েই। এমন নয় যে, বিশ্বকাপ ব্যর্থতার পর গ্রেগ চ্যাপেলের আসন টলে যাওয়ার পরই ভারতের কোচ হতে চেয়েছেন তিনি। বিখ্যাত চ্যাপেল ব্রাদার্সের বড়োজন ভারতের কোচ হওয়ার আগেও একবার যেচে আগ্রহ প্রকাশ করে প্রথম দফা সমালোচিত হযেছিলেন তিনি। তার এই আকাঙ্খার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললেন,“আসলে বহুদিন ধরে এই পেশাটার (ক্রিকেট কোচিং) সঙ্গে আছি আমি। এটাই আসলে আরো বড়ো চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে আমাকে।” তাই বলে এখনই নিজেকে ভারতের কোচ ভেবে বসছেন না বলেও জানালেন,“আমি কিন্তু এখনো ভারতের কোচ নই। এমন একটা অনুমান অবশ্য আছে যে তারা আমার ব্যাপারে খূবই পজিটিভ। তবে আমি আবারো বলতে চাই, তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা ৪ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার আগে পর্যন্ত এবিষয়টা পুরোপুরিই অনুমান।”
গ্রেগ চ্যাপেলের উত্তরসূরী যদি হয়েই যান, তাহলে আরেকটা বড়ো চ্যালেঞ্জও নিতে হবে তাকে। যে চ্যালেঞ্জে জিততে পারেননি চ্যাপেলও। ভারতীয় দলের সব মহাতারকাদের সামলাতে তিনি পুরোপুরি ব্যর্থ হলেও হোয়াটমোর সেক্ষেত্রে নিজের সাফল্যের সম্ভাবনাই বেশি দেখছেন,“সবার সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলাই মূল বিষয়। পারস্পরিক বোঝাপড়াটাই আসল।” ভালো কোচ হিসেবে তার যে স্বীকৃতি, এর পেছনে তার দৃষ্টিভঙ্গিটা অবশ্য মোহিত করলো সবাইকে,“আসলে খেলোয়াড়রাই একজনকে ভালো কোচ বানায়। একটা দল যখন মাঠে ভালো করতে থাকে, তখনই তাদের কোচকে ভালো বলা শুরু হয়।” বাংলাদেশের কোচ থাকাকালীন দল নির্বাচন থেকে শুরু অনেক ক্ষেত্রেই ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। অনেক সময় তার একক সিদ্ধান্তই গোটা দলকে মেনে নিতে হয়েছে। এই যেমন ঢাকা টেস্টে টস জিতে হাবিবুল বাশারের আগে ফিল্ডিং বেছে নেওয়ার সিদ্ধান্তটা তারই চাপিয়ে দেওয়া বলেও জানা গেছে। নিজেকে এখানে দলের হর্তাকর্তা ভাবতেই পছন্দ করা হোয়াটমোর অবশ্য এখন একটু অন্য সুরেই কথা বলছেন। হতে পারে সেটা চাকরি ঝুলন্ত বলেই। নয়তো ভারতীয় দলে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা হালে পানি পাবে না জেনেই অগ্রীম ছাড়,“আমি মনে করি অধিনায়কেরই দলের মূল লোক হওয়া উচিত।” বাংলাদেশে তার চার বছরের মেয়াদকালে তেমনটা ছিল কী? হোয়াটমোর হেসে বললেন,“আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সবসময়।” হাসির আড়ালে হয়তো মিথ্যেটাই ঢাকলেন!
