চলেই গেলেন পার্সি সন
এক সপ্তাহ ধরেই ছিলেন হাসপাতালে, ইনটেনসিভ কেয়ার ইউনিটে। যুদ্ধ চলছিল মৃত্যুর সঙ্গে। সেই যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন পার্সি সন। কেপটাউনের হাসপাতালে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি।
গত বছরের জুন মাসে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া এই দক্ষিণ আফ্রিকানের বয়স হয়েছিল ৫৭ বছর।
তিন সন্তানের জনক সন পেশায় ছিলেন আইনজীবী, কিন্তু ক্রিকেটই ছিল তার ধ্যান-জ্ঞান। ১৯৭৪ সালে মাত্র ২৪ বছর বয়সেই ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। দক্ষিণ আফ্রিকায় তখন চলছে বর্ণবাদী শাসন। সেই যুগ শেষ হওয়ার পর ১৯৯০-৯১ সালে ইউনাইটেড ক্রিকেট বোর্ড অফ সাউথ আফ্রিকা (ইউসিবি) প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আইসিসির সভাপতি হওয়ার আগে ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থার প্রধানও।
বন্ধুদের মাঝে স্পষ্টভাষী হিসেবে পরিচিত সন মনের কথা মুখে আনতে দ্বিধা করতেন না কখনোই। এ জন্য সমালোচিতও হয়েছেন অনেক সময়, আলোচিত হয়েছেন মদ্যপানের প্রতি তার আসক্তির কারণেও। ২০০২ সালে ইউসিবির সভাপতি হিসেবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকান দলে শ্বেতাঙ্গ জ্যাক রুডলফের জায়গায় কৃষ্ণাঙ্গ জাস্টিন অনটংকে ঢুকিয়ে দিয়ে সমালোচিত হয়েছিলেন। তেমনি আবার ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হওয়া হানসি ক্রনিয়ে বিচ ক্রিকেটেও খেলতে পারবেন না, এমন ঘোষণা দিতেও দ্বিধা করেননি।
এক মাস আগে ব্রিজটাউনে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে। ওই টুর্নামেন্ট চলার সময়েই অবশ্য অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তারপর পায়ুপথে ছোট্ট একটা অস্ত্রোপচার করতে হয়। কিন্তু গত সোমবার এই অস্ত্রোপচারের পর থেকেই অবস্থা খারাপ হতে থাকে তার, রাখতে হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
আইসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে সনের মৃত্যুর পর আপাতত আইসিসি বোর্ডের অনুমোদন নিয়ে অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব দেওয়া হবে কাউকে। পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে তারা। আগামী মাসে লন্ডনে আইসিসি বোর্ডের পরবর্তী সভা হওয়ার কথা।
