সাইডবটমের তোপে ভীষণ বিপদে ওয়েস্ট ইন্ডিজ
টেস্ট ক্রিকেটে এত দিন ১৫৮ রান ছিল তার সর্বোচ্চ ইনিংস । অস্ট্রেলিয়ার বিপক্ষে দু বার ও শ্রীলঙ্কার সঙ্গে এক বার ১৫৮ রান করা কেভিন পিটারসেনের সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন ২২৬ রানের। তার এই দুর্দান্ত ইনিংসের কল্যাণে শনিবার হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫৭০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাব দিতে নেমে রায়ান সাইডবটমের তোপে মাত্র ১৪৬ রানেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৪২৪ রানে পিছিয়ে থেকে ফলো অন করতে নেমে দিনশেষে ২ উইকেটে ২২ রান করেছে ক্যারিবীয়রা। ইনিংস পরাজয় এড়াতে আরো ৪০২ রান প্রয়োজন তাদের।
৫ উইকেটে ৩৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড লাঞ্চের আগে মাত্র একটা উইকেট হারিয়েছে । লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ম্যাট প্রায়র (৭৫) আরেক বার তিন অংক স্পর্শ করার দিকে ভাল মতোই এগোচ্ছিলেন। কিন্তু তাকে বোল্ড করে ক্যারিবীয়দের দিনের প্রথম সাফল্য উপহার দিয়েছেন ড্যারেন পাওয়েল।পিটারসেন --- প্রায়রের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১৬০ রান।
প্রায়র ফিরে গেলেও পিটারসেন তাতে বিচলিত হননি। স্বভাবসুলভ আক্রমনাত্মক ঢংয়ে খেলে তিনি পৌঁছে গেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে। ২৪টি বাউন্ডারি ও দুটি বিশাল ছক্কায় সাজানো তার ২২৬ রানের ইনিংসটা গড়ে উঠেছে ২৬২ বলে। দ্রুত রান তোলার আশায় হাঁকাতে গিয়েই ডোয়াইন ব্রাভোর বলে জেরম টেলরকে ক্যাচ দিয়েছেন পিটারসেন। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। লিয়াম প্লাঙ্কেট তখন ৪৪ রানে অপরাজিত।
এর আগে মাত্র একটাই টেস্ট খেলেছেন সাইডবটম। তবে ছয় বছর আগে পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে কোনো উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত তার প্রতীক্ষার অবসান ঘটালেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে প্রথম টেস্ট উইকেট তুলে নিয়েছেন সাইডবটম। আউট হওয়ার আগে গেইলের ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। অন্য ওপেনার ড্যারেন গঙ্গাও (৫) বেশিক্ষণ টিকতে পারেননি। এবং তিনিও সাইডবটমের বলে এলবিডাব্লু। চা -- বিরতি পর্যন্ত এই দুই উইকেটই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে চা --- বিরতির পর একের পর এক উইকেট হারিয়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে সফরকারীরা। সাইডবটম --- হার্মিসন --- প্লাঙ্কেটদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যানই। ডেভন স্মিথ (২৬), সিলভেস্টার জোসেফ (১৩), রুনাকো মর্টন (৫), ব্রাভো (২৩), দীনেশ রামদিন (৬), পাওয়েল (৮) ও কোরি কলিমোর (৩) আসা ---- যাওয়ার মিছিলেই সামিল হয়েছেন শুধু। টেলর অপরাজিত ছিলেন ২৩ রানে। শুক্রবার একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়েছিলেন রামনরেশ সারওয়ান। সেই আঘাতের জন্য প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ৪২ রানে ৪ উইকেট নিয়ে সাইডবটম স্বাগতিকদের সফলতম বোলার। প্লাঙ্কেট তিনটি ও হার্মিসন নিয়েছেন দুই উইকেট।
দ্বিতীয় ইনিংসেও গঙ্গা (১১) ব্যর্থ। এবং এবারো তিনি সাইডবটমের বলে এলবিডাব্লু। নাইটওয়াচম্যান হিসাবে নামা পাওয়েলকেও (০) ফিরিয়ে দিয়েছেন এই বাঁহাতি পেসার। দিনশেষে গেইল ব্যাট করছিলেন ৯ রান নিয়ে।
