২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের ডাবল সেঞ্চুরির পর সাইডবটমের আঘাত

টেস্ট ক্রিকেটে এত দিন ১৫৮ রান ছিল তার সর্বোচ্চ ইনিংস । অস্ট্রেলিয়ার বিপক্ষে দু বার ও শ্রীলঙ্কার সঙ্গে এক বার ১৫৮ রান করা কেভিন পিটারসেনের সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন ২২৬ রানের। শনিবার তার এই দুর্দান্ত ইনিংসের কল্যাণে হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫৭০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পড়েছে বিপদে। চা --- বিরতি পর্যন্ত দুই উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬৬ রান। দুটো উইকেটই নিয়েছেন ৬ বছর পর দলে ফেরা রায়ান সাইডবটম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

৫ উইকেটে ৩৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড লাঞ্চের আগে মাত্র একটা উইকেট হারিয়েছে । লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ম্যাট প্রায়র আরেক বার তিন অংক স্পর্শ করার দিকে ভাল মতোই এগোচ্ছিলেন। কিন্তু প্রায়রকে (৭৫) বোল্ড করে ক্যারিবীয়দের দিনের প্রথম সাফল্য উপহার দিয়েছেন ড্যারেন পাওয়েল। পিটারসেন --- প্রায়রের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১৬০ রান।

প্রায়র ফিরে গেলেও পিটারসেন তাতে বিচলিত হননি। স্বভাবসুলভ আক্রমনাত্মক ঢংয়ে খেলে তিনি পৌঁছে গেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে। ২৪টি বাউন্ডারি ও দুটি বিশাল ছক্কায় সাজানো তার ২২৬ রানের ইনিংসটা গড়ে উঠেছে ২৬২ বলে। দ্রুত রান তোলার আশায় হাঁকাতে গিয়েই ডোয়াইন ব্রাভোর বলে জেরম টেলরকে ক্যাচ দিয়েছেন পিটারসেন। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। লিয়াম প্লাঙ্কেট তখন ৪৪ রানে অপরাজিত।

এর আগে মাত্র একটাই টেস্ট খেলেছেন সাইডবটম। তবে ছয় বছর আগে পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে কোনো উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত তার প্রতীক্ষার অবসান ঘটালেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে প্রথম টেস্ট  উইকেট তুলে নিয়েছেন সাইডবটম। আউট হওয়ার আগে গেইলের ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। অন্য ওপেনার ড্যারেন গঙ্গাও (৫) বেশিক্ষণ টিকতে পারেননি। এবং তিনিও সাইডবটমের বলে এলবিডাব্লু। তবে চা -- বিরতি পর্যন্ত আর কোনো সাফল্য পায়নি ইংল্যান্ড। চা --- বিরতির সময় ডেভন স্মিথ ব্যাট করছিলেন ২২ রান নিয়ে। শিবনারায়ন চন্দরপলের ইনজুরির কারণে সুযোগ পাওয়া সিলভেস্টার জোসেফ অপরাজিত ১৩ রানে।

প্রতিপক্ষের বিশাল রানের নিচে চাপা পড়ার আশঙ্কার পাশাপাশি একটা দুঃসংবাদও আছে ক্যারিবীয়দের জন্য। শুক্রবার একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়েছিলেন রামনরেশ সারওয়ান। সেই আঘাতের জন্যই প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।