২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর মিরপুরের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো!

মিরপুরের ইতিহাসের পথে পদযাত্রা দ্বিতীয় দিনেও অক্ষুন্ন থাকলো। যেমন অক্ষুন্ন থাকলো বাংলাদেশের পতনের পদযাত্রাও। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে যোগ বিয়োগে যে সমীকরণ সেটা এরকম, মিরপুর তার অর্জনে বাংলাদেশকে সঙ্গী করতে চাইছে না। বরং মিরপুরের উত্থান আর বাংলাদেশের পতনটা এমন সমান্তরালে হচ্ছে যে পরিহাসই মনে হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 08:39 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

একটা চিরন্তন রেকর্ড হবে। এবং সঙ্গে আরেকটা বাংলাদেশকে ডোবানো রেকর্ড। এটাই এখন পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য। ভেন্যুগত অর্জন হিসাবে অসাধারণ, ইতিহাসে অমর হয়ে থাকা, কিন্তু তারা যখন অসাধারণ, বাংলাদেশ তখন ততোটাই সাধারণ। ভেন্যুটা যখন অমরত্বের দিকে যাচ্ছে তখন এ ম্যাচে বাংলাদেশের যাত্রা চিরদিনের মতোই মরনের দিকে। অকাল মরনের দিকে। একমাত্র বৃষ্টি যদি কিছু ঘটায়! নইলে এই ম্যাচের আয়ু তৃতীয় দিনেই শেষ হয়ে যাওয়ার কথা। বড় জোড় চতুর্থ দিন পর্যন্ত। কে জিতবে সেই প্রশ্ন প্রথম দিনই প্রাসঙ্গিকতা হারিয়েছে। দ্বিতীয় দিন শেষে প্রশ্নটা হয়ে দাঁড়াচ্ছে রসিকতা।

বাংলাদেশের ক্রিকেট এবং রসিকতা-এই দুটো মিললেই ভেসে ওঠে হাবিবুল বাশারের ছবি। হতাশ। বিবর্ন। বিধ্বস্ত। বিশ্বকাপের পারফরম্যান্সের পর চর্তুমুখী চাপে এমন চিড়ে-চ্যাপ্টা যে হাবিবুল যদি এখন ‘দুই যোগ দুই সমান চার’-এই অংকও ভুল করে বসেন তাহলেও অবাক হওয়ার কিছু নেই। আগের দিন শেষ বিকালে অধিনায়কত্বটা এমন গুলিয়ে ফেলেছিলেন যে দেখেও ঠিক বোঝা যাচ্ছিল না তিনি কী করতে চান। শনিবার যেমন বোঝা গেলো না যে মাঠে থেকেও তিনি কেন অধিনায়কত্ব করছেন না। তিনি উপস্থিত, তবু দলের ভার আশরাফুলের কাছে। আশরাফুলের শুরুটা হয়েছিল হাবিবুলের বাইরে যাওয়া দিয়ে এবং অধিনায়কত্বের ব্যাটন বদল হতেই যেন অন্য চেহারার বাংলাদেশ। যে রফিক দেড়-দিনে কলুর বলদের মতো খেটে মরছিলেন, তখন তিনিই কাজের ঘোড়া। রাহুল দ্রাবিড় স্কয়ার ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে জাভেদকে ক্যাচ দেয়াতে জানা গেল, মিরপুর স্টেডিয়ামেও উইকেট পড়ে। ৬৫০ বল গড়ানোর পর প্রথম উইকেট। ৪০৮ রান হয়ে যাওয়ার পরই এলো আউটের প্রশ্ন। তারপর হাবিবুল ফিরলেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আশরাফুলই অধিনায়ক। টেন্ডুলকার বা দীনেশ কার্তিকের সেঞ্চুরি ঠেকাতে পারেননি, পারেননি বাংলাদেশের বিপক্ষে প্রথম ছয়শ রানের ইনিংসও, কিন্তু এটা ঠিক যে তার তৎপরতায় বাংলাদেশের শারীরিক ভাষায় একটা বদল এসেছিল।

সেই বদল দিয়ে অবশ্য বাংলাদেশের ভাগ্য বদলানো গেলো না এবং গেলো না মিরপুরে ইতিহাসমুখীতায় ‘হার্ডল’ দেয়াও। ১৩০ বছরের টেস্ট ক্রিকেটে এই প্রথম কোনো দলের প্রথম চারজন ব্যাটসম্যানের সবাই সেঞ্চুরি করলেন। এটা যদি হয় চিরন্তন রেকর্ড, তবে বাংলাদেশকে ডোবানো মিরপুরের রেকর্ডটি হলো-এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ছশ’ হওয়া। আগের দিন দুই ওপেনারের রিটায়ার্ড হার্টের রেকর্ডের সঙ্গে ছিল বাংলাদেশের প্রথম দিন উইকেট ফেলতে না পারার লজ্জা। বাংলাদেশকে পায়ে মাড়িয়ে মিরপুর এভাবেই তৈরি করছে তার যাত্রাপথ।

অধিনায়কত্বের প্রশ্নে আশরাফুলের মধ্যে ঝিলিক দেখে কেউ কেউ খুব উৎসাহিত। হাবিবুল গেলে কী হবে-এই ভেবে তাহলে আর তাকে বহনের প্রশ্ন থাকছে না। কিন্তু প্রশ্ন তবু থাকছে। কারণ, আশরাফুলেরও টেস্টে রান হচ্ছে না। চট্টগ্রামে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এখানেও প্রথম বলে আউট। প্রথম বলে আউট হলে একটা ক্রিকেটীয় ব্যখ্যা থাকে, বল বোঝার আগেই...., কিন্তু প্রয়োজনের সময়ে দলের সেরা ব্যাটসম্যান যদি পরিস্থিতি না সামলান তাহলে দায়িত্বটা কে নেবে? শাহরিয়ার নাফীস, জাভেদ, হাবিবুলদের কেউই সেটা নিলেন না! পরিনামে তো বোলিংয়ের চেয়েও ব্যাটিং লজ্জা বড় হয়ে যাওয়ার আশংকা। ৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেললে তো ২৫-৩০ রানে অলআউট হয়ে যাওয়ারই কথা। কিন্তু এই একটা ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট চিরদিনই উজ্জল। শুরুর ভয়ংকর ব্যর্থতা সামলানো হবেই। ভাগ্যেরও কিছু সহায়তা মিলবে। নইলে দীনেশ কার্তিক কেন সাকিব এবং রাজিন দুজনেরই ক্যাচ ফেলবেন! সাকিব দ্বিতীয় জীবনটাকে কাজে লাগাচ্ছেন অপরাজিত ৩০ রান করে। রাজিন দ্বিতীয় জীবনটাও বিসর্জন দিয়েছেন ২০ রানে। ৫ উইকেটে ৫৮ রান নিয়ে বাংলাদেশ ৫৫২ রানে পিছিয়ে। ফলো অনের ৪১১ রানের টার্গেটটা তাই এখনকার বাংলাদেশের কাছে আকাশের তারার চেয়েও বেশি দূরের।

টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য আগে কেউ দেখেছেন কিনা এমন প্রশ্ন উঠলো। উপস্থিত বেশিরভাগেরই উত্তর, দেখেননি। বোলার-উইকেটকিপার বাদ দিয়ে ৯ জন ফিল্ডার বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকার এই অভূতপূর্ব দৃশ্যও দেখা হয়ে গেলো শনিবার। যেমন দেখা গেল রাজিন এবং সাকিবকে উইকেটকিপিং করতেও। এসবই আসলে ফিল্ডিং করা দলের বেহাল দশার প্রামান্য চিত্র। চারটা সেঞ্চুরি পিঠে চাপলে আর ছয়শ রান হয়ে গেলে সবকিছু এমন বিবর্ণ দেখানোরই কথা।

কিন্তু টেন্ডুলকারকে কেন বিবর্ণ মনে হবে? তিনি তো ক্যারিয়ারের ৩৭ তম সেঞ্চুরি করে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানের তালিকায় আরও উঁচুতে চলে গেছেন। কিন্তু এটা মর্যাদাকর নয়, মর্যাদাহানিকর সেঞ্চুরি। চার সেঞ্চুরির মধ্যে তিনিই সবচেয়ে বেশি বল খেলেছেন, সবচেয়ে কম বাউন্ডারি তার; রফিকের বলে বেরিয়ে এসে মারা একটা ছক্কা বাদ দিলে পুরো ইনিংসে একটাও মনে রাখার মতো শট নেই। এসব তথ্যেও আসলে শেষ হচ্ছে না টেন্ডুলকারের রংহীনতা। ১২২ রানের ইনিংসটা এত বিরক্তিকর ছিল যে তার ব্যাটিংয়ের সময় প্রেসবক্সে কারো কারো ঘুম পেয়েছে। কারো গল্প করার নেশা চেপেছে। টেন্ডুলকার ছিলেন বলেই ভারতীয় ব্যাটিংকে এই রানের স্রোতের মধ্যেও দৈত্যের বদলে শামুকের মতোই মনে হচ্ছিল।

এমন ব্যর্থতার দিনেও বাংলাদেশের তাই এটাই বোধহয় সান্ত¡না। দিনের সবচেয়ে বিরক্তিকর ক্রিকেট খেলা খেলোয়াড়টি তাদের দলের নন, প্রতিপক্ষ দলের। আর টেন্ডুলকারকে দিয়ে বিরক্তিকর সেঞ্চুরি করানো তো এক হিসাবে বীরত্বই! নাকি!