২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্যার’ হচ্ছেন ইয়ান বোথাম

ক্রিকেট মাঠে তার অজস্র কীর্তি। তিনিই যে ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার তা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে ক্রিকেট কীর্তির জন্য নয়, অবিরাম হাঁটার কৃতিত্বের জন্য ‘নাইটহুড’ পেতে যাচ্ছেন ইয়ান  টেরেন্স বোথাম। ইংল্যান্ডের জনপ্রিয় ট্যাবলয়েড ডেইলি মিরর জানিয়েছে এই খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 07:14 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বোথামের হাঁটার ব্যাপারটা অবশ্য নিছক খেয়াল কিংবা শখ নয়। মরণব্যাধি লিউকেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা ও এই রোগ নিয়ে গবেষণার কাজে অর্থ সংগ্রহের জন্য দীর্ঘ ২২ বছর ধরে ‘চ্যারিটি ওয়াক’ করছেন তিনি। এখন পর্যন্ত ১১টি ‘চ্যারিটি ওয়াক’ থেকে এক কোটি পাউন্ডেরও বেশি তুলে দিয়েছেন বোথাম। এই অবদানের স্বীকৃতি হিসাবেই ‘স্যার’ উপাধি পেতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। আগামী মাসে বৃটেনের রানী এলিজাবেথের জন্মদিনে তাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হতে পারে এই সম্মান। বৃটেনের এক উর্ধ্বতন সরকারী কর্মকর্তা ‘ডেইলি মিরর'কে জানিয়েছেন,“ইয়ান বোথাম এক জন দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। কিন্তু তার নিঃস্বার্থ সেবামূলক কাজের কোনো তুলনাই হতে পারে না। তার অর্থ উত্তোলনের ক্ষমতা এক কথায় অসাধারণ। নিঃসন্দেহে অন্য যে কারো চেয়ে এই সম্মান তার অনেক বেশি প্রাপ্য।”