উইকেট বুঝতে ভুল করেই ম্যাচ শুরুর আগেই হার!
একই অঙ্গে দুই রূপ নয়, মিরপুরের উইকেট তার নিজস্ব একটি চরিত্র নিয়েই স্বাগত জানিয়েছে বাংলাদেশকে। সেই চরিত্র ধরতে না পারায় উইকেটও তাদের সু -- স্বাগত জানাতে পারেনি। উল্টো শুক্রবার ম্যাচের প্রথম দিনে ওই ভুলের মাশুলই গুনতে হয়েছে বাংলাদেশকে।
আগেরদিন বাংলাদেশ অধিনায়ক উইকেটে পেস ও বাউন্স আবিষ্কার করেছিলেন। সে কারণে স্কোয়াডের বাইরে থেকে সরাসরি একাদশে জায়গা পেয়ে যান পেসার মোহাম্মদ শরীফ। বাদ পড়েন বাঁ -- হাতি স্পিনার এনামুল হক জুনিয়র। কিন্তু শেষ টেস্টের শুরুর দিনেই হাবিবুলের সেই তত্ত্ব ভুল প্রমাণ করে ভারত রীতিমতো রানের পাহাড় গড়ার পথে। তত্ত্বের প্রবক্তাকে অবশ্য পাওয়া যায়নি সংবাদ সম্মেলনে, এসেছিলেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশের কোচ তাদের ভুল সিদ্ধান্তের কথা পরোক্ষভাবে স্বীকার করে বলেছেন, “স্বীকার করতেই হবে, সিদ্ধান্তটা আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমাদের পরিকল্পনা ছিল প্রথম সেশনে কয়েকটা উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। কিন্তু .....।” কিন্তু ভুল সিদ্ধান্তের মাশুল গুনতে হয়ছে সারাদিন। হয়তো --- বা গুনতে হবে পুরো টেস্টেই। শুরু থেকেই হাওয়া উইকেটের সেই বাউন্স। উইকেটের পেছনে খালেদ মাসুদকে অনেকটা শুয়ে --- বসেই ধরতে হয়েছে শরীফ --- মাশরাফিদের বল।
দোষ শুধু বাংলাদেশের অধিনায়কের একার হবে কেন? পেস ও বাউন্সের প্রথম গন্ধ খুঁজে পেয়েছেন তো কিউরেটর বদিউল আলম খোকন! উইকেটে পেসাররা ভালো করবে, এমন ধারনার জন্ম দিয়ে খোকনই তা বাংলাদেশ শিবিরে ছড়িয়ে দিয়েছিলেন। প্রথম দিনেই ভেঙ্গে গেছে তার ভুল, “যে রকম বাউন্স হবে ভেবেছিলাম সে রকম হয়নি। তবে ব্যাটে বল আসছিল খুব সুন্দর।” বল সুন্দর আসছিল বলেই তো দিনশেষে ভারতীয় দল কোনো উইকেট না হারিয়ে ৩২৬!
তাহলে স্পষ্ট হয়ে গেল, বাংলাদেশ দল ও কিউরেটর সবাই মিলেও মিরপুর স্টেডিয়ামের উইকেটের চরিত্র ধরতে পারেননি। নিজেদের মাঠ ও মাটিকে চিনতে ভুল করে স্বাগতিকরা প্রমাণ করে দিয়েছে রাহুল দ্রাবিড়ই সঠিক। ম্যাচের আগের দিন ভারতীয় অধিনায়ক একবারের জন্যও বলেন নি উইকেটের বাউন্সের কথা। তার বিশ্লেষনে নতুন এই উইকেটের চরিত্র চট্টগ্রামের মতোই। এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেশি স্পিন ধরবে বলেই তার বিশ্বাস। শেষের এই বিশ্বাস প্রমাণসাপেক্ষ হলেও এখনো পর্যন্ত দ্রাবিড়ের উইকেট বিশ্লেষনই সঠিক।
মানে ভারতীয় অধিনায়কের জয় ম্যাচ শুরুর আগে থেকেই। আগের দিনই উইকেট নিয়ে দুই অধিনায়কের পরষ্পর বিরোধী বিশ্লেষণ শুনে গোলকধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলেন সবাই। যেন একই অঙ্গে দুই রূপ নিয়ে হাজির হবে এই উইকেট। তা --- তো আর সম্ভব নয়, একজনকে ভুল প্রমাণিত হতেই হবে।
আর তিনিই হলেন বাংলাদেশের হাবিবুল বাশার। যিনি নিজের দেশের উইকেট চিনতে ভুল করে ম্যাচ শুরুর আগেই হেরে বসেছিলেন।
