২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের জন্য ইতিহাস, হোয়াটমোরের জন্য উপহাস

আবহাওয়াবিদদের দলে নাম লেখালেন মিরপুর স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান। হোয়াটমোর এবং পুরো বাংলাদেশ দলকে সঙ্গী করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এই সিরিজের শুরু থেকে রোদ --- বৃষ্টির লুকোচুরি এমন হয়েছে যে গ্রাউন্ডসম্যানদের নিয়মিত আবহাওয়ার  খোঁজ --- খবর রাখতে হয়েছে। এখন দেখা যাচ্ছে, খোঁজ --- খবর রাখতে রাখতে তারা ওদেরই দলের সদস্য হয়ে গেছেন। নইলে নিজেদের তৈরি উইকেটের চরিত্র সম্পর্কে এমন আকাশ --- পাতাল বিপরীত ধারণা দেবেন কেন? বলছিলেন বাউন্স থাকবে। তা সারাদিনের সবচেয়ে স্বাভাবিক যে চিত্র সেটা হলো, উইকেটরক্ষক খালেদ মাসুদ শুয়ে এবং বসে বল ধরছেন। শেষ দিকের একটা ওভারে টেন্ডুলকারের মাথার ওপর দিয়ে মাশরাফি কয়েকটা বল উড়িয়ে নিতে পেরেছেন, এর বাইরে বাউন্সের আর কোনো ছবি নেই। তার চেয়ে বরং বলের মাটির সঙ্গে কথা বলার ছবিই বেশি। গ্রাউন্ডসম্যান স্বীকার করছেন, তার বড় একটা ভুল হয়ে গেছে। যেমন ডেভ হোয়াটমোরও ক্লাসের ফেল করা ছাত্রের মতো স্বীকার করে নিলেন, “আসলে উইকেটটা বুঝতে বড় একটা ভুল করে ফেলেছি।”

হোয়াটমোরের এটা বিদায়ী টেস্ট। কোনো কোচের আদর্শ বিদায়ী উপহার বলতে দলের জয়কেই বোঝায়। এখন প্রথম দিন শেষে যা চিত্র তাতে বিদায়ী উপহারটা না আবার বিদায়ী উপহাস হয়ে যায়! উইকেট পতনেই টেস্ট ম্যাচের সার্থকতা, তা সারাদিনে আর উইকেট পড়ে না। বিরক্তি ধরে যায়। সারাদিনের অখন্ড অবসরে চলতে থাকলো নানান রসিকতা। এরপরই ভারতের  কোচ হচ্ছেন, তাই আগেভাগেই ভারতকে একটা উপহার হোয়াটমোর দিয়ে রাখলেন --- এই জাতীয় রসিকতাও শোনা গেল! প্রশংসনীয় যে হোয়াটমোর এই ঘটনার পর লুকিয়ে না থেকে বুক চিতিয়ে যুদ্ধংদেহী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং বলেছেন, “এটা পুরো টিম ম্যানেজমেন্টেরই সিদ্ধান্ত।” কিন্তু অধিনায়ক যে আগেই সংবাদ মাধ্যমকে বলে রেখেছিলেন টস জিতলে তিনি ব্যাট করতে চান! তার এই মত বদলের কারণ কী? ক্রিকেটে কিছু প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়, এটাও হয়তো তেমনি উত্তরহীন একটা প্রশ্ন হয়ে থেকে যাবে অনেক কাল।

ক্রিকেটে কোনো বিচিত্র ঘটনা ঘটলেই ঘাটাঘাটির দরকার পড়ে। রেকর্ড বুক নিয়ে টানা --- হ্যাঁচড়া! এর আগে কখনো এমন ঘটনা ঘটেছিল কিনা! ঘটলে কোথায়। শুক্রবারও সেই টানা --- হ্যাঁচড়া করে দেখা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে এমন ঘটনা এর আগে কখনো ঘটেইনি। যাই করুক এর আগে কোনোদিন উইকেটশুন্য ছিল না বাংলাদেশ। ইতিহাস সেটাই লিখে রাখবে, সঙ্গে লিখে রাখা উচিত, সাকিব এবং রফিকের নামও। কারণ তারা অবদান না রাখলে যে ঘটনাটা ঘটেই না। ১০ রানের মাথায় সাকিব ফেলে দিলেন দীনেশ কার্তিকের ক্যাচ। টেস্টে এমন ক্যাচ ধরতে হয়, তবু দ্বিতীয় স্লিপের এই ক্যাচ পড়াটাকে যদি ক্ষমা করাও যায়,  কোনোদিন ক্ষমা করা যাবে না রফিকের মিসটাকে। জাফর যখন ৪২ রানে তখন রফিক তার এমন একটা ফিরতি ক্যাচ ফেললেন যে তারপর রফিক মাথা চাপড়েছেন আর উপস্থিত হাজার কয়েক দর্শক দুয়ো দিয়েছে।

অবদান রাখলেন আম্পায়ার ড্যারেল হার্পারও। ৭৪ রানে উইকেটের পেছনে কার্তিকের পরিস্কার ক্যাচ, সবারই মনে হলো বল ব্যাটে লেগে এসেছে, কিন্তু হার্পারের কেন যেন  সেটা মনে হলো না। আঙ্গুল উঠতেই পারতো এমন কিছু এলবিডব্লু আবেদনে নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আম্পায়াররা এই উইকেট --- বন্ধ্যাত্বে যথেষ্টই সক্রিয় অংশীদার। মূল অংশীদার অবশ্যই বোলাররা। যারা এই নির্জীব উইকেটে আরও নির্জীব বল করেছেন। উইকেটের আগে আরও বড় ক্ষতিটা করে দিয়েছে ভাগ্য। চট্টগ্রামে আসলে যার বোলিং সাহস জুগিয়েছে তিন পেসার নেয়ার ব্যাপারে, সেই শাাহাদাতই জ্বরকবলিত। তার জায়গায় ৫ বছর পর দলে ফেরা শরীফের বোলিংয়ের যে চেহারা তা দিয়ে আবেদন --- টাবেদন মাঝে --- মধ্যে চলতে পারে, কিন্তু উইকেট পাওয়া যায় না। যেমন রাসেল শিখলেন, স্পিনারদের চেয়ে সামান্য জোরে বল করে টেস্টের উইকেট মেলে না।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উইকেটশুন্য দিন যেমন  প্রথম, তেমনি ক্রিকেট ইতিহাসেও এটাই প্রথম ঘটনা যেখানে দু --- ওপেনারই অবসর নিতে বাধ্য হলেন। একশ বছরের বেশি সময়ে প্রকৃতির খেয়াল কিংবা কাকতাল যা পারেনি, মিরপুর তার  টেস্ট অভিষেকের দিনেই সেটা ঘটিয়ে দিলো। সেজন্যই উইকেটশুন্য থাকলেও ২০০১ সালের ইডেনের লক্ষণ ---দ্রাবিড়ের মতো কার্তিক --- জাফর জুটির সারাদিন ব্যাট করা হয়নি। জাফর তবু পানিশুন্যতার কারণে মাঠ ছাড়ার আগে সেঞ্চুরিটা করতে পেরেছেন, কার্তিক সেটাও পারেননি। তার জায়গায় সুযোগ পেয়ে অধিনায়ক দ্রাবিড় আবার সেঞ্চুরির দরজায়। গরমজনিত এই সামান্য সুবিধাটুকু বাদ দিলে আরেকটা সুবিধাও ছিল, সেটা হলো, ইংল্যান্ড সফরের ভারতীয় দলে জায়গা নিয়ে খুব লড়াই বলে সবাই লাগামটা ধরে রেখেই ব্যাট চালিয়েছেন। নইলে হয়তো রানের স্রোত আরও বাঁধভাঙ্গা হয়।

রেকর্ড পক্ষে --- বিপক্ষে যা ÑÑ ই হোক, তবু প্রথম দিনেই মিরপুর ঢুকে গেলো ক্রিকেট ইতিহাসে। আর ওদিকে বেচারা ডেভ হোয়াটমোরের দিকে চোখ রাঙ্গাচ্ছে বিদায়ী উপহাস!