টেস্টে বাংলাদেশের সবচেয়ে খারাপ দিন
কলম্বোয় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কানরা তুলেছিল ৫০৯ রান। কিন্তু ওই দিনটাও বাংলাদেশের জন্য এত নিরানন্দ ছিল না, কারণ উইকেট পড়েছিল নয়টি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কঠিন দিনটাই পার করলো বাংলাদেশ শুক্রবার। ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে যে উইকেটের দেখাই মিললো না! টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ৩২৬ রান তুলে নিয়েছে সফরকারীরা। প্রচন্ড গরমে পানিশূন্যতার কারণে দুই ওপেনারের অবসরের পর ব্যাট করছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড় (৮৮) ও শচীন টেন্ডুলকার (৯)।
সকালে মুদ্রা নিক্ষেপের সময় ভাগ্যের সহায়তা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার। কিন্তু তারপর থেকে আর কোনো কিছুই যায়নি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের নতুন বলের বোলার মাশরাফি বিন মর্তুজা আর সৈয়দ রাসেল দুজনই চোট পেয়েছেন। দুপুরে অ্যাংকেলে ব্যথা নিয়ে মাঠ ছাড়া মাশরাফির একটা ওভার শেষ করেছিলেন রাসেল, বিকেলে ঠিক একই অবস্থায় তার ওভারটি শেষ করতে হয়েছে মোহাম্মদ শরীফকে।
এমনিতেই দুর্বল বোলিং আক্রমণ, তার ওপর যোগ হয়েছে ফিল্ডারদের ব্যর্থতা, মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আম্পায়ারদের একাধিক সিদ্ধান্তও গেছে বাংলাদেশের বিপক্ষে।
মাশরাফির বলে তিনবার চোট পেয়েছিলেন, কিন্তু তারচেয়েও বেশি ক্ষতি করেছে মাংসপেশির টান। প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতেই তাই থামতে হয়েছে কার্তিককে। জাফর অবশ্য থামেননি, প্রথম টেস্টে জোড়া শূন্যের চশমা পাওয়ার পরও তাকে দলে রেখে দেওয়াটা যে ভুল হয়নি সেটা প্রমাণ করে নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি করেছেন তিনি। তবে সেঞ্চুরির পর ১৩৮ রান নিয়ে তিনিও সাজঘরে ফিরেছেন স্বেচ্ছায়।
ইনজুরির আগে জাফরের সঙ্গে কার্তিকের ১৭৫ রান বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেটজুটিতে নতুন রেকর্ড। এর আগে ২০০১ সালে মুলতানে পাকিস্তানের সাঈদ আনোয়ার ও তৌফিক উমর তুলেছিলেন ১৬৮ রান।
ভারতের দুই ওপেনারই কিন্তু ফিরে যেতে পারতেন প্যাভিলিয়নে। লাঞ্চের আগে কার্তিককে একটা ‘জীবন’ উপহার দেওয়া বাংলাদেশের ফিল্ডাররা লাঞ্চের পর তেমনই একটা উপহার দিয়েছেন জাফরকেও। এবার অপরাধী রফিক, লাঞ্চের পর দ্বিতীয় বলেই সহজ একটা রিটার্ন ক্যাচ নিতে পারেননি তিনি। জাফরের স্কোর তখন ৪২। এর আগে এই টেস্টে দলে ফেরা সৈয়দ রাসেলের বলে দ্বিতীয় স্লিপে কার্তিকের দেওয়া ক্যাচ ফেলেছেন সাকিব আল হাসান। কার্তিকের স্কোর তখন ছিল ১০। তারপর ৭৪ রানে আরেকটি ‘জীবন’ পেয়েছেন তিনি আম্পায়ার ড্যারিল হার্পারের সৌজন্যে। মোহাম্মদ শরীফের বলে তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন ফিরিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান, যদিও রিপ্লেতে পরিস্কার দেখা গেছে বল তার ব্যাট ছুঁয়েই গিয়েছিল উইকেট কিপার খালেদ মাসুদের হাতে। পরে জাফরও একই ভাবে পেয়েছেন হার্পারের সৌজন্য, বোলার ছিলেন মাশরাফি।
লাঞ্চের আগে দুই স্পেলের আট ওভারে সব মিলিয়ে সাত রান দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। লাঞ্চের পর ফিরে প্রথম ওভারেই দেন ১৪! টানা তিন বলে বাউন্ডারি মেরে তার বোলিং বিশ্লেষণটার চেহারা একটু খারাপ করে দেন দীনেশ কার্তিক। বাংলাদেশের জন্য দুঃসংবাদটা আরো বড় হয় তার পরের ওভারে, দশম ওভারের চতুর্থ বলটি করার পর অ্যাংকলে চোট নিয়ে মাঠই ছেড়ে যেতে হয় তাকে। আধঘন্টা পরেই আবার মাঠে ফিরেছেন বটে তিনি, কিন্তু রানআপ কমিয়ে নিয়ে বোলিং করছেন আর বোঝাই যাচ্ছে তিনি ঠিক পুরো সুস্থ নন তিনি।
আগের রাতের বৃষ্টিতে উইকেট সামান্য ভেজা থাকায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
এই ম্যাচের বাংলাদেশ দলে আছে দুটি পরিবর্তন। শাহাদাত হোসেনের শরীর খারাপ, তাই পাঁচ বছর পর টেস্ট দলে ফেরার সুযোগ পেয়েছেন মোহাম্মদ শরীফ। আর তিন পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় বাদ পড়েছেন চট্টগ্রামে উইকেট না পাওয়া এনামুল হক জুনিয়র, তার জায়গায় দলে এসেছেন সৈয়দ রাসেল।
ভারতীয় দলেও আছে একটি পরিবর্তন, বিক্রম সিংকে বাদ দিয়ে তরুণ পেসার ইশান্ত শর্মাকে অভিষেকের সুযোগ দিয়েছে তারা।
স্কোর : ভারত ৯০ ওভারে ৩২৬/০ (কার্তিক অসুস্থ অবসর ৮২, জাফর অসুস্থ অবসর ১৩৮, দ্রাবিড় অপ. ৮৮, টেন্ডুলকার অপ. ৯; মাশরাফি ০/৪৯, রাসেল ০/৬৪, শরীফ ০/৫৭, রফিক ০/৮৫, সাকিব ০/৩৩, আশরাফুল ০/৩৫)
