মাশরাফিদের দিকে হাত বাড়িয়ে আছে শেরে বাংলা স্টেডিয়াম
চট্টগ্রাম টেস্ট ড্র হলেও বাংলাদেশ জিতেছে মনস্তাত্বিক লড়াইয়ে। এটা হাবিবুল বাশারের কথা। কিন্তু আম -- জনতার মন ছুঁয়েছে অন্য একটি ব্যাপার, ব্যাটে ---- বলে মাশরাফি ভয় ধরিয়ে দিয়েছেন ভারতীয়দের মনে। আর শাহাদাত তাকে নিয়ে সবার আশঙ্কা কমিয়ে নিজের উইকেট নেওয়ার ক্ষমতাটা দেখিয়েছেন।
তার মানে, এই ড্র টেস্ট থেকে বাংলাদেশের অর্জন হচ্ছে মাশরাফি বিন মতূর্জার অলরাউন্ডার হয়ে ওঠা এবং পেসার শাহাদাত হোসেনের আস্থা পুনরুদ্ধার। দুইয়ের যোগফলে কিন্তু নতুন বলে বাংলাদেশ এখন দুরন্ত। এই উপলব্ধি থেকেই কিনা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম বাউন্সি উইকেট নিয়ে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলকে। স্বাভাবিকভাবেই দেশের নতুন এই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু নিজের অভিষেক টেস্টে স্বাগতিকদের পাশেই থাকতে চাইবে। এই চাওয়ার মোক্ষলাভ হতে পারে বোধহয় বাউন্সি উইকেট দিয়েই। তাই যেন কিউরেটর বদিউল আলম বলেছেন, “উইকেট চট্টগ্রামের মতো হবে না, হবে বাউন্সি। পেসাররা ভালো করবে এবং ব্যাটেও বল আসবে।”
বাউন্সি উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের দূর্বলতার কথা যেন একটু দেরীতেই বুঝেছে বাংলাদেশ। বুঝেছে স্পিন দিয়ে অন্তত টেস্টে কাবু করা যাবে না তাদের। চট্টগ্রামকে বলা হয়েছিল ব্যাটিং স্বর্গ, সেখানে শচীন --- সৌরভ সেঞ্চুরি করেছেন ঠিক, আবার দ্বিতীয় ইনিংসে সেই ভারত বিপদে পড়েছিল বাংলাদেশী বোলারদের বিরুদ্ধে আক্রমনাত্মক হতে গিয়ে।
দুই ইনিংসে ভারতীয়দের ১৬ উইকেটের ১০টিই নিয়েছেন মাশরাফি --- শাহাদাত পেসার জুটি। চট্টগ্রামে মাশরাফি ছিলেন বরাবরের মতোই অতুলনীয় আর পাশাপাশি শাহাদাতও ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়েছেন গতি ও বাউন্সার দিয়ে। বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার টেস্ট ম্যাচে এই প্রথম ৫ উইকেট (৩+২) নেওয়া শাহাদাত হোসেনের প্রয়োজনীয়তা বেশি করে বুঝেছেন, “দলে এরকম একজন জোরে -- বোলার থাকা দরকার ।” অথচ এ ম্যাচের আগ পর্যন্ত এলোমেলো বোলিং করার জন্য তাকে নিয়ে বেশ শংকিতই ছিল দল। সেই বোলারই টানা বাউন্সার দিয়ে আতঙ্কিত করেছেন সৌরভ গাঙ্গুলীকে, প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়ে অধিনায়ককে দিয়েছেন স্বস্তি।
এই ফাস্টবোলার জুটি পেয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের সারথী বাউন্সি উইকেট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের যে দুটো উইকেটে ওয়ানডে হয়েছিল শুক্রবার সেগুলোর মাঝের উইকেটেই হবে এই ভেন্যুর অভিষেক টেস্ট। এর আগে এই মাঠে বড় দৈর্ঘ্যরে ম্যাচ বলতে দুটো চারদিনের ম্যাচ হয়েছিল পাকিস্তান একাডেমি দল ও জিম্বাবুয়ে এ দলের সঙ্গে। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটিতে একদিনে ১৭ উইকেট পড়েছিল। টেস্ট ম্যাচে উইকেট কেমন আচরণ করবে কে জানে। এখনো কিছু ঘাস আছে উইকেটে, সুতরাং পেসারদেরই সুবিধা হওয়ার কথা। অবশ্য ঘাস ছেঁটে দিলেও যে বাউন্সের তেমন হেরফের হবে তা নয়।
শুধু তো উইকেট নয়, ভালো ম্যাচের বড় একটা শর্ত হচ্ছে বৃষ্টিহীন ৫টি দিন। যখন --- তখন বৃষ্টির চোখ রাঙানি থাকলে চলবে না। অবশ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বরং খরতাপে কিছুটা কাহিল হতে পারেন খেলোয়াড়রা। কারণ তাপ প্রবাহ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। তবে কিউরেটর বদিউল আলমের প্রার্থনা, “দিনে বৃষ্টি না হলেই চলবে। রাতে বৃষ্টি হলে খেলা মাঠে গড়াতে কোনো সমস্যা হবে না। এই নতুন ভেন্যুর পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো।”
ভালো আবহাওয়া আর ভালো উইকেটের নিশ্চয়তা মানেই তো একটি ভালো টেস্ট ম্যাচ। এমনটিই দরকার নতুন ভেন্যুকে স্মরণীয় করে রাখার জন্য।
