২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফকে সতর্ক করে দিলেন ম্যাচ রেফারি

আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ উঠেছে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের বিপক্ষে। গত রোববার আবুধাবিতে ওয়ারিদ সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে আউট করার পর তার প্রতিক্রিয়াটা পছন্দ হয়নি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের। তাই আসিফকে সতর্ক করে দিয়েছেন তিনি। আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

“ফাস্ট বোলারদের আগ্রাসী হওয়া দোষের নয়, কিন্তু আসিফের আগ্রাসী প্রতিক্রিয়া ছাড়িয়ে গেছে, প্রতিপক্ষের প্রতি অসম্মান প্রদর্শনের সীমা”--- বলেছেন শ্রীনাথ। এ জন্য আসিফকে শুনানীতে ডেকেছিলেন তিনি, সেখানে এই ফাস্ট বোলারও মেনে নিয়েছেন তার ভুল। লেভেন ওয়ান মাত্রার এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির অর্ধেক জরিমানা, কিন্তু আসিফের অতীত রেকর্ড ভালো থাকায় তাকে সর্বনিম্ন শাস্তি হিসেবে শুধু সতর্ক করে দিয়েছেন শ্রীনাথ। তবে সে সঙ্গে জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে এই রকম কোনো অপরাধ আবার করলেই সেটা হয়ে যাবে লেভেল টু মাত্রার অপরাধ, যার শাস্তি হিসেবে দুটি ওয়ানডেতে নিষিদ্ধ হতে পারেন আসিফ।