মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভাস
শ্রীলঙ্কা দল যখন আবুধাবিতে পাকিস্তানের সঙ্গে লড়ছে তখন চামিন্ডা ভাস চেমসফোর্ডের একটি হাসপাতালে মাথার যন্ত্রণায় অস্থির! ইংলিশ কাউন্টি মিডলসেক্সের হয়ে খেলার জন্য আবুধাবিতে যাননি এই বাঁ হাতি পেসার। রোববার এসেক্সের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে বাউন্ডারি লাইনে কঠিন এক ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান ভাস। প্রায় আধ ঘন্টা শুশ্রƒষার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখান থেকে রোববারই অবশ্য ছাড়া পেয়েছেন তিনি।
তবে হাসপাতালে বেশিক্ষণ না থাকলেও আঘাতটা মারাত্মক বলেই মনে হয়েছিল শুরুতে। ক্যাচটা ধরার সময় বিজ্ঞাপনের একটি বোর্ডের সঙ্গে মাথা ঠুকে যায় ভাসের। খেলা বন্ধ রেখে শুশ্রƒষার পর স্ট্রেচারে করে তাকে নেয়া হয় হাসপাতালে। তখনো তার জ্ঞান ছিল । মিডলসেক্সের কোচ রিচার্ড পাইবাস জানিয়েছেন,“দুর্ভাগ্যজনকভাবে চামিন্ডা বোর্ডের ওপরে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিল। তাকে (হাসপাতালে) নিয়ে গিয়ে মস্তিষ্কে কিছু টেস্ট করা হয়েছে। তার জ্ঞান ছিল এবং আঙুল ও পায়ে সাড়াও পাচ্ছিল সে। এ ধরনের ইনজুরি নিয়ে ভীষণ সতর্ক থাকতে হয়।”
ঐ দুর্ঘটনার আগে মিডলসেক্সের ইনিংসে ভাসের অবদান ছিল অপরাজিত ১৭ রানের। পরে ৮ ওভারে ৪৬ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। ম্যাচটা তার দল হেরে গেছে ৯ উইকেটে।
