২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি সিরিজ জিতে নিল পাকিস্তান

বিশ্বকাপের দুঃস্বপ্ন ভোলার মিশন নিয়েই আবুধাবিতে গিয়েছিলেন পাকিস্তানের নতুন অধিনায়ক শোয়েব মালিক। এক ম্যাচ হাতে রেখেই সেই মিশনে সাফল্য নিশ্চিত করেছে তার দল। রোববার ওয়ারিদ সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়েছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ৩১৩ রান। দ্বিতীয় উইকেটে সালমান বাট (৭৪) আর ইয়াসির হামিদের (৫০) ৯৮ রানের জুটিই পথ দেখিয়েছে তাদের। এছাড়া কামরান আকমল ৩৮ ও মোহাম্মদ ইউসুফ ৩৭ রান করেন। মালিঙ্গা বান্দারা ৫৬ ও ফারভিজ মাহারুফ ৬৫ রানে তিনটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে সাঙ্গাকারা---জয়াসুরিয়াবিহিন শ্রীলঙ্কানরা লড়াই জমিয়ে তুলতে পারেনি কখনোই। ১০ ওভার ১ বল বাকি থাকতেই ২১৫ রানে অলআউট হয়ে গেছে তারা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সর্বোচ্চ ৬১ এবং উপুল থারাঙ্গা ৪৮ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। শহীদ আফ্রিদি ৩৭ রানে তিনটি এবং মোহাম্মদ আসিফ, মোহাম্মদ সামি ও উমর গুল দুটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ৫৯, ২৭ ও ৩৮ রানে।

প্রথম ম্যাচে ৫ উইকেটে জেতার পর এই জয়ে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে পাকিস্তান।