হোয়াটমোরের সঙ্গে মিটিংয়ে সন্তুষ্ট নিরঞ্জন শাহ
অবশেষে ডেভ হোয়াটমোর সম্পর্কে মুখ খুললেন নিরঞ্জন শাহ। বাংলাদেশের মাটিতে পা দেয়ার পর বিসিসিআই সেক্রেটারি জানিয়েছিলেন, তাদের এই সফরের উদ্দেশ্য স্রেফ খেলা দেখা। বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে ডেভ হোয়াটমোরের আলোচনা সংক্রান্ত যে গুঞ্জন, তা একেবারে উড়িয়েই দিয়েছিলেন তিনি। কিন্তু রোববার সকালে ভারতের উদ্দেশে রওনা দেয়ার আগে নিরঞ্জন শাহ’র মুখে অন্য কথা। বিসিসিআই সেক্রেটারি জানালেন, হোয়াটমোরের সঙ্গে ‘সংক্ষিপ্ত’ মিটিংয়ে তিনি ‘সন্তুষ্ট’।
“গতকাল (শনিবার) আমি তার সঙ্গে দেখা করেছি। (কোচ নির্বাচন) কমিটিকে এ সংক্রান্ত পূর্ণ রিপোর্ট দেব আমি। এই মিটিং নিয়ে আমি সন্তুষ্ট। অবশ্য ৫/১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি মিটিংটা। হোয়াটমোর ভারতের কোচ হওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন”---- নিরঞ্জন শাহের মন্তব্য।
তার মানে কি হোয়াটমোরের ভারতের কোচ হওয়াটা নিশ্চিত? বিসিসিআই-- এর এক জন উর্ধ্বতন কর্মকর্তা অবশ্য পরিষ্কার করে কিছু বলতে চাননি,“বোর্ড তালিকাটা সংক্ষিপ্ত করেনি। হোয়াটমোর শাহের (নিরঞ্জন) সঙ্গে দেখা করে তার আগ্রহের কথা জানিয়েছেন। তবে ২০ জুন দল আয়ারল্যান্ডে রওনা দেয়ার এক বা দু সপ্তাহ আগে ভারতের পরবর্তী কোচ কে হবেন, সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।”
