২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানেসারের ঘূর্ণিতে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

বল হাতে পেয়েছেন একটু দেরিতে, ২৭তম ওভারে। তবে সেই হতাশাকে পেছনে ফেলতে একদমই সময় নেননি মন্টি পানেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:11 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রথম বলে ডেভন স্মিথকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে তিনি যে ধাক্কা দিয়েছেন তা থেকেই সফরকারীদের বিপদের সূত্রপাত। এবং আরো তিনটি উইকেট তুলে নিয়ে পানেসারই মহাবিপদে ফেলে দিয়েছেন ক্যারিবীয়দের। শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিন চা-বিরতির সময় তাদের স্কোর ৫ উইকেটে ২১৭ রান। ফলো অন এড়াতে আরো ১৩৭ রান দরকার।

৫ উইকেটে ৫৫৩ রান নিয়ে আগের দিন শেষ করার পর শনিবার আর ব্যাট করতে নামেনি ইংল্যান্ড। প্রথম ইনিংস ঘোষণা করেছে সেখানেই। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা অবশ্য খুব খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে ৩৮ রান ওঠার পর ক্রিস গেইলকে (৩০) বোল্ড করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিয়েছেন প্লাঙ্কেট। পরের জুটিতে ৪৫ রান ওঠার পর তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভন স্মিথও (২১) পানেসারের বলে বোল্ড। তবে ওপেনার ড্যারেন গঙ্গাকে সঙ্গে নিয়ে লাঞ্চ পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি রামনরেশ সারওয়ান।

কিন্তু লাঞ্চের পর একাই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছেন পানেসার। বাঁহাতি স্পিনে একে একে ফিরিয়ে দিয়েছেন গঙ্গা (৪৯), সারওয়ান (৩৫) ও রুনাকো মর্টনকে (১৪)। তিনটিই অবশ্য এলবিডব্লু। চা-বিরতির সময় শিবনারায়ণ চন্দরপল ব্যাট করছেন ৩০ রান নিয়ে। সঙ্গী ডোয়াইন ব্রাভো অপরাজিত ১৪ রানে। তখন পানেসারের নামের পাশে জ্বলজ্বল করছে ১৭-২-৫২-৪।