ব্যাটসম্যান আশরাফুলকেই মনে পড়ছিল অধিনায়ক আশরাফুলের!
সৌরভ গাঙ্গুলী মাত্রই উইকেটে এসেছেন। তাকে বল করার জন্য প্রস্তুতি নিতে থাকা শাহাদাত হোসেনকে দেখা গেল মনযোগ দিয়ে অধিনায়কের কথা শুনছেন। পরে পরপর কয়েকটা শর্ট বল সৌরভের দিকে ধেঁয়ে গিয়ে তাকে স্বাগত জানাল। অধিনায়কের কথামতো শাহাদাত একের পর এক সেরকম বল করছেন আর ধারাভাষ্যকাররা গলা ফাটাচ্ছেন “গুড ক্যাপ্টেন্সি, গুড ক্যাপ্টেন্সি” বলে।
অধিনায়কত্বের জন্য এমন প্রশংসিত হওয়া লোকটি অবশ্য হাবিবুল বাশার নন। মোহাম্মদ আশরাফুল। গত কয়েকদিনের অসুস্থ্যতাজনিত অস্বস্তি একটু বেশিই মাথাচাড়া দিয়ে ওঠায় চট্টগ্রাম টেস্টের লাঞ্চের পর মাঠে নামতে পারেননি হাবিবুল। নেমেছেন চা বিরতির পর। মাঝের দুই ঘন্টায় তার ডেপুটি আশরাফুলই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। এবং ওই সময়ে তার আক্রমণাতœক ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলিং পরিবর্তন, এমনকি প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানের দুর্বলতা কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার চেষ্টাও দৃষ্টি কেড়েছে সবার। বলা যায়, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ নেতৃত্বের প্রথম সুযোগেই মুগ্ধতার রেশ ছড়িয়েছেন। তাতে রীতিমতো বিমোহিত বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান,“অধিনায়ক আশরাফুল দারুণ বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ও যতক্ষণ নেতৃত্ব দিচ্ছিল, কেবল ওই সময়টাতেই মনে হচ্ছিল বাংলাদেশ কিছূ একটা করতে যাচ্ছে।”
টেস্টের প্রথম বলেই ওয়াসিম জাফরের উইকেটটা মাশরাফি বিন মুর্তজা এনে দিলেও এরপর থেকেই উইকেটের জন্য মাথা কুঁটে মরছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে সেই হতাশা কেটেছে দীনেশ কার্তিক ও রাহুল দ্রাবিড়কে দ্রুতই ফিরিয়ে দেয়ায়। ভারত অধিনায়ককে ফিরিয়ে দেওয়ায় পেসার শাহাদাতকেই কৃতিত্বের পুরোটা দিচ্ছেন আশরাফুল,“আমাদের পরিকল্পনা এবং ফিল্ডিং অনুযায়ী বল করেই রাহুলকে তুলে নিয়েছে রাজীব (শাহাদাতের ডাকনাম)।” এরপরেই তো সৌরভকে শর্ট বলে ভড়কে দেওয়ার চেষ্টা।
দলনেতার আক্রমণাতœক এই মানসিকতাই সবচেয়ে বেশি মনে ধরেছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলামের। টেস্টের প্রথম দিনের খেলা সেভাবে উপভোগ করা হয়ে ওঠেনি আবাহনী কোচের। বিকেএসপিতে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে তার দলের খেলা চলছিল। এরই ফাঁকে ড্রেসিংরুমে আশরাফূলের নেতৃত্বের ঝলকগুলো দেখার সুযোগ ঠিকই করে নিয়েছিলেন,“ভবিষ্যৎ অধিনায়ককে তো দারুণ লাগলো। নেতৃত্বের প্রথম সুযোগেই ও বুঝিয়ে দিলো, দায়িত্বটা ওর কাছে গেলে মোটেও খারাপ করবে না। সবসময়ই বুঝিয়েছে, আমরা ভারতকে আক্রমণ করছি।” আমিনুলের মতো আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের অবশ্য খেলা দেখারই সুযোগ হয়নি। তিনি যে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসের হয়ে খেলছিলেন! ক্রিকেটার আশরাফুলকে শৈশব থেকেই দেখে আসা মাহমুদের প্রশ্ন,“ব্যাটিংয়ের মতো নেতৃত্বেও নিশ্চয়ই আক্রমণাতœক ছিল?” উত্তরটা ‘হ্যাঁ’ জানার পর তিনি আরো যোগ করে দিলেন,“আমি জানি ও সিদ্ধান্তও খুব ভালো নিতে পারে।”
যেমন মাশরাফির বলে নিজেই ক্যাচ নিয়ে কার্তিককে ফিরিয়ে দেওয়ার পর তার মূল অস্ত্রটিকে আক্রমণ থেকে সরিয়ে নেন। আনেন শাহাদাতকে। এখানেও সাফল্য। দ্রাবিড়ের উইকেট। বোলিং পরিবর্তনের এই ‘কারিকুরির’ মাঝে নেতাসুলভ চিন্তাও কাজ করছিল আশরাফুলের মাথায়,“মাশরাফিকে তো আমার পুরো টেস্টের জন্যই পেতে হবে। তাই ওই সময় চার ওভার বল করে ফেলার পর ওকে বিশ্রামে পাঠিয়েছিলাম।” লক্ষ্যণীয় ছিল, দ্রাবিড় --- কার্তিককে যখন রফিক ---এনামুলের বাঁ -- হাতি স্পিন জুটি বল করছিলেন, তখন নিজেকে শর্ট কাভারে নিয়ে আসা,“চিন্তায় আসছিল, সামনে ফিল্ডার রাখলে ওরা চার্জে যেতে পারে। তাই...।” সৌরভকে শর্ট বলে আক্রমণের চিন্তাটাও এসেছিল ব্যাটসম্যান আশরাফূলের মাথা থেকে,“আমি যখন ব্যাটিংয়ে নামি, তখন প্রতিপক্ষ আমাকে অনেকভাবেই নার্ভাস করার চেষ্টা করে। ওই সময়টায় আমার নিজের কথাই মনে পড়ছিল। তাই চেষ্টা করেছি ওই ওষুধটা তাদের (ভারত) বিপক্ষেও প্রয়োগ করতে।”
সাফল্য না এলেও এ সুযোগেই অনেকের দেখা হয়ে গেছে, নেতা হিসেবে তার ভবিষ্যতের আলোটা।
