২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিতে শুরু, মাশরাফিতেই শেষ

পুরো দিনে ভারতকে ভয় দেখানো গেলো দুবার। দুবারই ভীতিপ্রদর্শনকারীর নাম মাশরাফি। প্রথমবার অসাধারণ বল করে। দ্বিতীয়বার বল করার হুমকি দিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 09:14 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

চট্টগ্রামের উইকেটে প্রাণ থাকবে না, এটা সবাই জানতো। কিন্তু এটা কেউ জানতো না যে এই নিষ্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলিংও এমন প্রাণ হারাবে। প্রাণহীন আর নি®প্রাণের এমন মিতালি হলো যে টেন্ডুলকার --- সৌরভ আদৌ আর কখনো আউট হবেন কিনা সন্দেহ! দুজনই চাপে, সঙ্গত কারনেই সতর্ক ; দক্ষতার সঙ্গে এই সতর্কতা মিলে এমন ব্যুহ যে তারা  যেভাবে চাইলেন, রান করলেন। দুজনই সেঞ্চুরির কিনারে। সেটা প্রথম দিনেই হয়ে যেতো। হতে হতে যে হলো না তার কারণ মাশরাফি। দিনের শেষ বেলায় মাশরাফিকে আনতেই ওরা আর ব্যাট করতে রাজি নন। আলোক স্বল্পতায় ম্যাচ চলা -- না -- চলার সিদ্ধান্ত তখন ব্যাটসম্যানদের কাছে এবং ব্যাটসম্যানরা দিনান্তের ম্লান আলোয় ফাস্ট বোলারকে খেলতে চাইবেন না স্বাভাবিক। কাজেই প্রথম দিনের খেলা শেষ। এবং সেই সঙ্গে বাংলাদেশের নি®কৃতিও। ভারতের ৩০০ হলো না। টেন্ডুলকার --- সৌরভের সেঞ্চুরিগুলোও বিলম্বিত করা গেলো। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের ময়নাতদন্তে প্রাপ্তির খাতায় আপাতত এটুকুই।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম লর্ডস --- ওভাল নয়, হওয়ার প্রশ্নও ওঠে না। তবে একটা জায়গায় বিদেশের মতোই;  স্টেডিয়ামটা শহরের অনেক বাইরে। মোটামুটি পুরো চট্টগ্রামের গলি --- রাজপথ পেরিয়ে আসতে হয়। কাজেই ঢুকতে কারো কারো দেরি হলো। আর যাদের দেরি হলো, তারা সম্ভবত পুরো টেস্টেই বাংলাদেশের সবচেয়ে সোনালী মুহুর্তটা মিস করে ফেললেন। অফ স্টাম্পের সামান্য বাইরে পিচ পড়া বল এমনভাবে ভেতরে ঢুকে গেলো যেন সাপ চুপি চুপি ছোবল মেরে গেলো কিন্তু ঘুনাক্ষরেও টের  পেলেন না জাফর। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। উৎসাহী কেউ কেউ দৃশ্যটা দেখে ‘মর্নিং শোজ দ্য ডে’ র প্রবাদটাও মনে করে ফেললেন। এবং ভুল করলেন।

বাকি দিনে দৃশ্যটা এমন বদলে গেলো যে ঘটনার নায়ক মাশরাফি বলছেন,“এই উইকেটে আমাদের খুব বেশি কিছু করার নেই। এখন দেখি ওদের ইনিংস কোথায় গিয়ে থামে!” আর তখন ননস্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে এই বিভীষিকা দেখা দীনেশ কার্তিকের মুখে চওড়া হাসি। হাসতে হাসতে বললেন,“সত্যিই তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু রাহুল (দ্রাবিড়) এসে অনেক সাহস দিল। তাতেই সব বদলে গেলো।” সত্যিই বদলেছে। এমন বদলেছে  যে প্রথম বলে উইকেট হারানো ভারত দিন শেষে ৩ উইকেটে ২৯৫ রানের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। বাংলাদেশ তার নীচে মাটি চাপা। এবং যা সম্ভাবনা তাতে চূড়াটা দ্বিতীয় দিনে উঁচু থেকে আরও উঁচুতে উঠবে।বাংলাদেশ আরও চাপা পড়বে।

প্রচন্ড গরমে যেখানে মাঠে দাঁড়িয়ে থাকা দায়, সেখানে বাংলাদেশের সমস্যা যত না গরম তার চেয়ে বেশি ঠান্ডা। ঠান্ডায় আক্রান্তদের সংখ্যা এমন লাইন ধরেছে যে ফিল্ডিংয়ে প্রয়োজন হতে পারে ধরে চট্টগ্রামের স্থানীয় একজনকে ড্রেসিং রুমে তৈরি রাখা হয়েছে। এই আক্রান্তদের শীর্ষে হাবিবুল। তা দুপুরে যখন বৃষ্টি এলো তখন তিনি ঠিক করলেন খানিকক্ষন বিশ্রাম নেবেন। তার বিশ্রাম যেমনই হোক, একটা কাজ ঠিক হয়ে গেলো। আশরাফুলের অধিনায়কত্বের ড্রেস রিহার্সেল।

বৃষ্টিতে ৭০ মিনিট দেরিতে শুরু হওয়া লাঞ্চ পরবর্তী সেশনে নেমেই সপ্রতিভ উপস্থিতি দিয়ে জানিয়ে দিলেন, এখন তিনিই দলের নেতা। আর মানিয়েও গেলো। মানুষের পরিচয় যেমন পোষাকে নয়, তার কর্মে, তেমনি মানানোতেই নয় সাফল্যটাই আসলে সূচক এখানে। এবং আশরাফুল তাতেও প্রথম বিভাগের চেয়ে বেশি নম্বরই পাবেন। কার্তিককে পুলের লোভ এবং ভুলের ফাঁদে ফেলে মাশরাফি এনে দিলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। ১২৪ রানে গিয়ে ভাঙ্গল দ্রাবিড় --- কার্তিকের জুটি। মাশরাফি যে কোনো অধিনায়ককেই উইকেট এনে দিতে পারেন, কিন্তু আশরাফুল শাহাদাতকে দিয়েও উইকেট আদায় করে নিলেন। শাহাদাতের বলে গতি আছে, কিন্তু ঘটে বুদ্ধি নেই; এই ওভারেই দেখা গেলো বুদ্ধির ছাপ। অফ স্টাম্পের বাইরের বলটা এমন তুললেন যে দ্রাবিড় অতোটা আশা করেননি। মাসুদের হাতে ক্যাচ। নইলে কিন্তু দ্রাবিড়কে দেখে মনেই হচ্ছিল না তিনি আউট হবেন কখনো। শুরু থেকেই মাঝ ব্যাটে খেলছেন, ন্যুনতম জায়গা পেলে নৃশংসতায় বাউন্ডারিতে পাঠাচ্ছেন! এরপর যেটা করে গেলেন সৌরভ ও টেন্ডুলকার। ১১ বলের ব্যবধানে, ৮ রানে ২ উইকেট ফেলে স্কোর ৩ উইকেটে ১৩২ বানিয়ে ফিরে আসার যে স্বপ্ন, তা এ দুজনের ব্যাটে দূরে যেতে যেতে দিন শেষে একেবারেই দূর।

ভারতীয় ক্রিকেট বিশ্বকাপের ধাক্কায় এমন টালমাটাল যে এখনও সামলে উঠতে পারেনি। সেই বিশ্বকাপের ধাক্কায় এ দুজন যেন প্রায় নীড় হারা পাখী। টিভিতে দ্রাবিড়কে অসহযোগিতার অখেলোয়াড়োচিত ঘটনা প্রকাশ পেয়ে যাওয়ার পর তারা সাদরে গৃহীত না হওয়ারই কথা। পুরনো শ্রদ্ধা আর নিশ্চয়তার জায়গাটা ফিরিয়ে দিতে পারে একমাত্র ব্যাট। সেটাকেই অস্ত্র বানিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জীবনের কঠিণতম যুদ্ধে তারা অবতীর্ন। আর সহযোদ্ধা হতে তৈরি কত কিছু! উইকেট বোলারদের বধ্যভুমি আর বধ্যভুমিতে গিয়ে মাথা বাঁচিয়ে রাখার কৌশল এখনও বাংলাদেশের বোলাররা শেখেননি। রফিক এশীয় একাদশের ওয়ানডে দলে সুযোগ পাওয়ার যৌক্তিকতা টেস্টে জঘন্য বল করে সঠিক প্রমানের সিদ্ধান্ত নিয়েছেন কিনা কে জানে! সাকিবের টেস্ট বোলিংয়ের ধার নিয়ে চলতে থাকা সন্দেহ প্রথম দিনে সত্য প্রমানিত। মাশরাফির আবার লাঞ্চ -টির মাঝামাঝি সময় সাময়িকভাবে পুরনো ব্যথাটা জেগে উঠেছিল এবং শাহাদাত হ্যামস্ট্রিংয়ে  আক্রান্ত। এই ছন্নছাড়া বোলিং, তবু তারা কী সতর্ক! সৌরভ দুবার বেরিয়ে দুটো ছক্কা মারলেও টেন্ডুলকার লাগাম পরে থাকা ঘোড়া। লাগাম খোলার ন্যুনতম কোনো বিলাসিতাই নেই। তাই সৌরভ ৮২, টেন্ডুলকার ৮০ এবং অবিচ্ছিন্ন ১৬৩ রানের পার্টনারশিপ।

মাশরাফি অনেকক্ষণ  বাইরে ছিলেন। বল করার পুরো উপযোগীও নন। এবং এ -- ও জানা ছিল যে এই আলোয়, ব্যক্তিগত অর্জনের এই সন্ধিক্ষণে সৌরভ -- টেন্ডুলকার পেস বল খেলতে রাজি হবেন না। তবু হাবিবুল মাশরাফিকে নিয়ে এলেন। কারণ বোধহয় আর সবার মতো অধিনায়কও  ততক্ষনে জেনে গিয়েছিলেন সমাপ্তিতেই আসলে স্বস্তি। সমাপ্তিতেই মুক্তি।