‘নতুন’ পাকিস্তানের যাত্রা শুরুতে আত্মবিশ্বাসী মালিক
—বিশ্বকাপটা কেটেছে দুঃস্বপ্নের মতো। আর তারপর পাকিস্তানের ক্রিকেটে ঘটে যাওয়া উথাল---পাথালের সূত্র ধরে অনেকটা ঘটনাচক্রেই পাকিস্তান দলের অধিনায়ক হয়ে গেছেন তিনি। শোয়েব মালিক কিন্তু সেই দায়িত্ব পেয়ে মোটেই ভুগছেন না স্নায়ুর চাপে। সেই ‘নতুন’ যাত্রা শুরুর আগে অন্তত সে কথাই বলছেন তিনি।
শুক্রবার আবুধাবিতে শোয়েব মালিকের পাকিস্তানের যাত্রা শুরু হচ্ছে কিন্তু একটা কঠিন অ্যাসাইনমেন্ট দিয়েই। শুক্রবার আবুধাবিতে তারা খেলতে নামছে বিশ্বকাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কার বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ এটি, বাকি দুটি হবে ২০ ও ২২ মে।
শ্রীলঙ্কা অবশ্য পুরো শক্তির দল নিয়ে আসেনি। তাদের তিন তারকা মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস আর কুমার সাঙ্গাকারা কাউন্টি খেলা নিয়ে ব্যস্ত থাকায় খেলছেন না এই সিরিজে। ইনজামাম-পরবর্তী যুগে প্রথম ম্যাচটি খেলতে নামার আগে তাই খানিকটা হলেও সুবিধাজনক অবস্থায় আছে পাকিস্তান। মালিক অবশ্য বলছেন, “মুরালিধরন, ভাস আর সাঙ্গাকারাকে ছাড়াও কিন্তু শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।”
তবে সেটা তার দল পারবে বলেই বিশ্বাস করেন ১৮ টেস্ট আর ১৩৭টি ওয়ানডের অভিজ্ঞতাসমৃদ্ধ এই তরুণ। “আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়রা সবাই মিলে কঠোর পরিশ্রম করে দলকে জয়ের পথে ফিরিয়ে আনবে, আর বিশ্বকাপে যা ঘটেছে সেটা ভুলে যেতে পারবো আমরা”--- বলেছেন তিনি।
ক্রিকিনফো---এর সহায়তায়
