কুকের সেঞ্চুরিতে ভাল অবস্থানে ইংল্যান্ড
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। টস হওয়ার সময়ও আকাশে মেঘের ঘনঘটা। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে টস জিতে তাই ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি রামনরেশ সারওয়ান। তবে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়কের মুখে হাসি ফোটাতে পারেননি তার দলের বোলাররা। কারণ অ্যালিস্টার কুকের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। আলোক স্বল্পতায় কয়েক দফা খেলা বন্ধ হলেও তা এই বাঁহাতি ওপেনারকে পঞ্চম টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত করতে পারেনি। কুকের অপরাজিত ১০২ রানের সুবাদে প্রথম দিনশেষে ৩ উইকেটে ২০০ রান করেছে ইংল্যান্ড। লর্ডসে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্য প্রান্তে ২১ রান নিয়ে ব্যাট করছেন কলিংউড। আলোক স্বল্পতার জন্য প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার।
ইংল্যান্ডের সূচনা হয়েছে দুর্দান্ত। কুককে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। শেষ পর্যন্ত স্ট্রাউসকে (৩৩) ডেভন স্মিথের ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাক্সিক্ষত ব্রেক থ্রু এনে দিয়েছেন ড্যারেন পাওয়েল।
পরের উইকেটটাও পাওয়েল --- স্মিথ কম্বিনেশনের। গোড়ালির ইনজুরির কারণে এই টেস্টে খেলতে পারছেন না অ্যান্ড্রু ফ্লিনটফ। তার জায়গায় সুযোগ পাওয়া ওয়েইস শাহ তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬ রান করেই আউট। এই উইকেটও তুলে নিয়ে পাওয়েল ক্যারিবীয়দের ম্যাচে ফেরার আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু চা --- বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি কুক ও পিটারসেন।
চা --- বিরতির শেষে খেলা শুরু হওয়ার পর পরই অবশ্য ভেঙ্গে গেছে ৫৯ রানের এই জুটি। ভেঙ্গেছেন কোরি কলিমোর। ২৬ রান করে পিটারসেন ডেভন স্মিথের তৃতীয় ক্যাচে পরিণত হয়েছেন।
তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন কুক। দায়িত্ব নিয়ে খেলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। কলিংউডকে নিয়ে প্রথম দিনে আর কোনো ক্ষতি হতে দেননি তিনি। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেছেন ৩৮ রান।
