২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভ হোয়াটমোরকে নিয়ে আরেক ছত্র

ডেভ হোয়াটমোর হঠাৎ করে খুব ভালো হয়ে গেলেন। হাসি--খুশি মুড। চেনা জানাদের তো বটেই, ন্যুনতম চেনাদেরও ডাকছেন। কথা বলছেন। হোয়াটমোরচরিতের বৃত্তান্ত যাদের জানা তাদের জন্য বিষয়টা একটু অস্বাভাবিক। কারণ বছরের পর বছর ধরে হোয়াটমোরের উন্নাসিকতার বিপরীতে এ যে অভিনব ঘটনা। কেউ কেউ অবশ্য তবু টিপ্পনি কাটতে ছাড়ছেন না। চাকরি ঠিক হয়ে গেছে তো তাই! এখন তো আর তার হারানোর কিছু নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:28 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সংবাদ সম্মেলনে দ্রাবিড়ের কাছে কথাটা তুলতে দ্রাবিড় যেন আকাশ থেকে পড়লেন। তাই নাকি! “আমি তো এই প্রথম শুনলাম।” তা দ্রাবিড় যতই লুকিয়ে রাখার চেষ্টা করুন, এখন এটাই সত্য যে হোয়াটমোরের দীর্ঘদিনের চেষ্টা আর স্বপ্ন বাস্তব হয়ে তার গলায় ভারতের কোচের পরিচয়পত্রটা ঝুলতে যাচ্ছে। সেটা নিয়ে বাংলাদেশের খুব একটা মাথাব্যথা থাকার কথা নয়, বাংলাদেশের সঙ্গে তার বিচ্ছেদের খবর তো পুরনো। তিনি কোথায় গেলেন না গেলেন সেটা একান্তই তার বিষয়। তা বলে বাংলাদেশের খেলা চলাকালীন তিনি একটা দলের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসবেন! আর কোন দল! যে দল সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কোচ হলে তবু কথা ছিল, কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ খেলার সময় সেই দলের কোচ হওয়ার আলোচনা হবে, তাও আবার ম্যাচ  খেলার ফাঁকে! সিরিজটা শেষ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করা যেতো। পেশাদারি কোচের কাছে এমন অনৈতিক কান্ড আশা করা যায় না। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এমনটা আশা করেনি। বোর্ডের যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন আল মামুন ঢাকা থেকে টেলিফোনে বললেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। তার মতো একজন পেশাদার কোচের কাছ থেকে এমন আচরন আশা করা যায় না। বাংলাদেশ একটা সিরিজ খেলছে, সেই সিরিজের প্রতিপক্ষ দলের কোচ হওয়ার আলোচনাটা এখানে বসে করাটা তো ঠিক শোভন নয়। তিনি তো আরেকটু অপেক্ষা করতে পারতেন।”

হোয়াটমোর মাধ্যম হিসাবে ধরেছেন ভারতীয় মিডিয়াকে। তাদের কাছে আগ্রহের খবরটা প্রকাশ করে প্রথম তিনি নজরে আসতে চেয়েছিলেন ভারতীয় বোর্ডের, তারপর এখানে বাংলাদেশ সিরিজে ওদের পেয়ে তিনি মোটামুটি মাতোয়ারা। একেকদিন একেকজনকে এমন এমন সাক্ষাৎকার দিচ্ছেন আর সেগুলো ডালপালা গজিয়ে এমন ছড়িয়ে পড়ছে যে মনেই হচ্ছে না বাংলাদেশ আর ভারত খেলছে। ভারত---বাংলাদেশ সিরিজ নিয়ে তার যত কথা তার চেয়ে অনেকগুণ বেশি তার কোচ হওয়া না নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন বললেন, “তাকে সতর্ক করে দেয়া উচিত। তারপরও সে যদি সিরিজ চলাকালীনই পেশাদারি রীতি-নীতি ভঙ্গ করে তার সঙ্গে এমন আলোচনায় যায় তাহলে উচিত হবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া।”

বোর্ড সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিষয়টাকে ব্যাখ্যা করছেন এভাবে, “বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের জন্য ডেভ হোয়াটমোরকে আমরা সবাই মনে রাখব। তবে এখন যদি সত্যিই সে এসব করে তাহলে সেটা হবে অনৈতিক। এবং যদি দেখা যায় সে খেলার মাঝখানে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ব্যস্ত তাহলে আমরা তার চরিত্রের আরেকটা নতুন দিক দেখবো।”

বোর্ডের এক কর্মকর্তা অবশ্য প্রশ্ন রাখছেন, হোয়াটমোরকে যে ভারত প্রস্তাব দিয়েছে সেটা তো হোয়াটমোরই জানিয়েছে।ভারতীয় বোর্ডের কেউ তো এখনও আনুষ্ঠানিকভাবে বলেনি। এই পক্ষ বলতে চাইছেন, গর্জন যতটা হোয়াটমোর শোনাচ্ছেন ততোটা আসল ঘটনা নয়। শারদ পাওয়ারসহ প্রাইভেট বিমানে করে ভারতের ৬ সদস্যের যে দলটি শনিবার চট্টগ্রাম আসছেন তারা শুধু হোয়াটমোরকে নেওয়ার জন্য আসছেন বিষয়টা মোটেও এমন নয়। এবং উদাহরণ দিয়ে তারা বোঝাচ্ছেন, গ্রেগ চ্যাপেল কোচ হওয়ার সময় ভারতে এসে যদি ইন্টারভিউ দিতে পারে তাহলে হোয়াটমোরের জন্য কেন শারদ পাওয়ারকে ছুটে আসতে হবে। যখন হোয়াটমোর নিজেই চাকরিটার জন্য ভারতের চেয়ে বেশি লালায়িত! যুক্তি আছে এবং সেটা ঠিক হলে হোয়াটমোরের আচরণ বালখিল্যতায় ভরা। বিশ্বকাপ চলাকালীন তার ‘আমাকে নাও’ ‘আমাকে নাও’ আর্তিটাকে মনে হয়েছিল চকলেটের জন্য বাচ্চাদের আবদারের মতো। এখানেও ভারত আমাকে প্রস্তাব দিয়েছে এটা বলে বেড়ানোও তো শিশুতোষ কান্ডই। 

তার আর্থিক এবং পেশাদারি চাহিদা নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলে অনেক রসিকতা। এখন মনে হচ্ছে সত্যিই টাকা এবং চাকরি যেখানে সম্পর্কিত সেখানে ব্যক্তিত্ব---পেশাদারিত্ব এসবের কিছুই মাথায় থাকে না তার। মাথায় নেই ব্যক্তিত্ব---পেশাদারিত্ব আর মনে বাংলাদেশ মোটেও নেই। থাকলে তার চার বছরের এই দলটার ভালো---মন্দের কথা ভেবে নিজে একটু সংযম দেখাতে পারতেন। বাংলাদেশের ক্রিকেটাররা এখন জানছে গত চার বছর তাদের ক্রিকেট শিখিয়েছেন এমন একজন লোক যিনি তাদের ফেলে যাওয়ার জন্য সবসময়ই তৈরি ছিলেন।

এতদিন সুযোগ হয়নি তাই ছিলেন। এবার সুযোগ হয়েছে তাই চলে যাচ্ছেন।