২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষায় থাকা ওরা দুজন

সিদ্ধান্তে পৌঁছানোর ধরণটা আবার উল্টো। মেহরাব হোসেন জুনিয়র ওয়ানডে খেলার ধরনের সঙ্গে তাল মেলাতে এমন ব্যর্থ হয়েছেন যে মনে হয়েছে টেস্টে তার পক্ষে সম্ভব হলেও হতে পারে। আর সাকিব আল হাসান ওয়ানডেতে এমন সফল যে কেউ মনেই করেন না তিনি টেস্টে ব্যর্থ হতে পারেন। এবং তাই নয় শুধু, তার ব্যাটিংয়ে যে পরিণত মানসিকতার ছাপ, যে চিন্তার প্রকাশ, তাতে বড় দৈর্ঘ্যরে ম্যাচে আরও সফল হওয়ারই কথা। কিন্তু কথায় তাল দিয়েই যদি যাবেন তাহলে তার নাম সাকিব আল হাসান হয় না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এমন প্রশ্নের ভুল অর্থ করে নিয়ে সাকিব ভাবলেন তাকে টেস্ট ব্যাটসম্যান বানিয়ে দেয়ার একটা চেষ্টা চলছে। কাজেই জোর প্রতিবাদ,“আমার মনে হয় না কেউ এটা মনে করে যে আমি শুধু টেস্ট ব্যাটসম্যান।” যতই বোঝানো হলো ততই তিনি বুঝতে চাইলেন না। শেষ পর্যন্ত খানিকটা বোঝানোর পর যা বললেন সেটাও খুব পুরোনো কথা,“টেস্ট আর ওয়ানডে আলাদা ধরনের খেলা। দুটো দুরকমের। ওয়ানডেতে ২০ ওভারের পর ফিল্ডিং ছড়িয়ে যায়। সিঙ্গেল নেয়ার অনেক সুযোগ থাকে। তুলনায় টেস্টে ফিল্ডিংটা হয় অনেক আক্রমনাত্মক। ধৈর্য্যরে পরীক্ষা দিতে হয় অনেক বেশি।” সেই পরীক্ষাটা সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে দিয়ে এখন টেস্ট পরীক্ষার সামনে দাঁড়িয়ে। তার ওয়ানডে সাফল্যে কেউ কেউ এত মোহিত যে এমনকি আমিনুল --- আশরাফুলের পর টেস্ট অভিষেকে সেঞ্চুরির তালিকায়ও ঢুকে যেতে পারেন। সাকিব স্বভাবমতো এখানেও নির্বিকার,“আমি খেলবো। যথাসাধ্য চেষ্টা করবো ভালো করার। তারপর যা হবে তাতেই আমি খুশি।”

ওয়ানডেতে চার নাম্বার জায়গাটা সাকিব প্রায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো নিজের করে নিয়েছেন। কিন্তু টেস্টে সম্ভবত এখনই ওটা তার মিলছে না। আশরাফুলই খেলবেন চার নাম্বারে, সাকিব পাঁচ কিংবা ছয় নাম্বারে। সাকিবের ক্ষেত্রে প্রশ্নটা যখন ব্যাটিং অর্ডার নিয়ে, মেহরাবের ক্ষেত্রে সেটা হলো দলে জায়গা পাওয়া নিয়ে। বিশ্বকাপে ধরে খেলা এবং তারপর এখানে ওয়ানডে সিরিজে ভালো করার পর জাভেদকে বাদ দেয়ার প্রশ্ন নেই। শাহরিয়ার নাফীসের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আছে বটে, কিন্তু উত্তরও আছে। শেষ টেস্ট সিরিজে যে ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রান করেন তাকে বাদ দেয়া যায় না, তা যতই ওয়ানডেতে তার ব্যাটে রানের খরা থাকুক না কেন!

মেহরাবের অভিষেক হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবু যদি সুযোগ হয়ে যায় তাহলে মেহরাব কী প্রমাণ করতে চাইবেন? “আমি চাইবো আমার সেরা খেলাটা খেলতে। টেস্ট খেলাটা ওয়ানডের চেয়ে অন্যরকম, এখানে অনেক বেশি ধৈর্য্য ধরে খেলতে হয়।” সখানে কি স্ট্রোক খেলে এটাও প্রমাণ করতে চাইবেন যে ওয়ানডেতে তিনি আসলে অচল নন! “আমি আমার স্বাাভাবিক খেলাটা খেলতে চাইবো। চাইবো যত বেশি সম্ভব উইকেটে থাকতে। যত বেশি সম্ভব রান করতে।” ওয়ানডে ম্যাচগুলো দেখেছেন, দেখে সিদ্ধান্তে পৌঁছেছেন,“ভারতের এই দলের বোলিংটা খুব ভীতিকর কিছু নয়। বিশেষত পেসাররা। অবশ্য এখানে কুম্বলে আছে। সে অনেক বড় বোলার।”

 টেস্টে দুজনেরই খুব কাজের হওয়ার কথা। সেই কাজের সুযোগ পাওয়ার অপেক্ষা এখন। তরুণ ক্রিকেটারদের জীবনের সবচেয়ে উত্তেজনাময় অপেক্ষা।

সাকিব যতই ওয়ানডেতে সফল হোন, মেহরাব সেখানে যত ব্যর্থই হোন, শেষ পর্যন্ত টেস্টটাই আসল ক্রিকেট। এবং সেই ক্রিকেট থেকে তারা মাত্র এক পা দূরত্বে!