২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভের হুক, কুম্বলের ফ্লিপার

“আমি বাদ পড়েছি কে বললো! আমাকে বিশ্রাম দেয়া হয়েছিল।” তিনি ওয়ানডে থেকে বাদ পড়েছেন এমন একটা প্রশ্ন করে তাকে যে বাউন্সার দেয়া হয়েছিল তাকে এভাবেই হুক করলেন সৌরভ গাঙ্গুলী। যেমন কুম্বলে হার্ড হিটার ব্যাটসমস্যানদের দারুণ কার্যকর একটা ফ্লিপার দিলেন। “শেন ওয়ার্ন তো এখানে খুব মার খেয়েছিল। সেটা নিশ্চয়ই আপনি জানেন।” প্রসঙ্গে কুম্বলে পাল্টা ঔদ্ধত্য দেখিয়ে বললেন,“আবার এটাও ভুলে যেও না। এখানে যে কয়বার আমি খেলেছি তার প্রতিবারই আমি খুব সফল ছিলাম।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সাইক্লোন দিক বদলে দূরে সরে গেছে। বৃষ্টিও তাই চট্টগ্রামকে ছেড়ে গেছে। বুধবার সারাদিন রোদেলা। ভারতীয় দল তাই দেরি না করে সকালেই নেমে গেলো প্র্যাকটিসে। প্র্যাকটিস শেষে সাংবাদিকদের তুমুল অনুরোধে শেষ পর্যন্ত এই দুই টেস্ট খেলোয়াড় এলেন কথা বলতে।  সৌরভ যথারীতি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বাঙ্গালী হিসাবে বাংলাদেশে খেলাটা তার জন্য বিশেষ একটা ব্যাপার, তাছাড়া বিশ্রামের কথা বললেও দলের আগে নিজের কথা ভাবার শাস্তি হিসাবে তাকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছে বলেই ভারতীয় ক্রিকেট মহল বিশ্বাস করে। এবং এতেই শেষ নয়। ক্যারি প্যাকার সিরিজের আদলে জিটিভি যে আলাদা লিগ করার উদ্যোগ নিচ্ছে তাতে নাকি সৌরভ গাঙ্গুলী যোগ দিচ্ছেন! বিষয়টাতে সৌরভ কতটা ক্ষেপে আছেন বুঝতে মাত্র একটা প্রশ্ন করতে হলো। তারপর যেন আগ্নেয়গিরি থেকে বেরোতে থাকল উত্তপ্ত লাভা। “আমি বুঝতে পারি, সাংবাদিকদের মধ্যে অনেক প্রতিযোগিতা। তাই তারা অনেক খবরই লিখে দেয়। কিন্তু এই বিষয়টাতে আমি বলতে পারি যে আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি। পুরো বিষয়টাই মিথ্যা। কারো এ বিষয়ে কিছু লেখার আগে অন্তত আমার সঙ্গে কথা বলা উচিত। আমি তো আপনাদের থেকে সবসময়ই একটা ফোন দূরত্বে।”

সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে আসবেন, আর বাংলাদেশকে ঘিরে কোনো প্রশ্ন হবে না তা হয় না। শুরুতেই একজন জানতে চাইলেন,“ওয়ানডে সিরিজে আমরা আপনাকে মিস করেছি। আপনিও কি এই সিরিজটা মিস করেছেন?” উত্তর অনুমিত, ভদ্রতা করে হলেও বলতে হয় যে মিস করেছি, কিন্তু সৌরভ অনুমানকে ছাপিয়ে গেলেন,“বাংলাদেশকে আমি বিদেশ মনে করি না। মনে রাখবেন, এখানেই আমার টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল। অনুর্ধব --- ১৯, ‘এ’ দল থেকে শুরু করে যখন যে দলের হয়ে আমি খেলেছি, পুরোপুরিই উপভোগ করেছি। কত মধুর স্মৃতি। কী করে সেসব ভুলি! হ্যাঁ। আমিও মিস করেছি।”

এমনিতে যত কথাই গুঞ্জন হয়ে বাতাসে ভাসতে থাকুক, অভিযোগের ডালপালার অন্যায্য বিস্তারে তাকে কালো ছায়ায় ঢেকে দিক, তবু এটা তো কেউ ভুলছে না যে সৌরভ একজন আজন্ম লড়াকুর নাম। সেই লড়াকু, যিনি ৪ বছর পর দলে ফিরে লর্ডসে সেঞ্চুরি করতে পারেন এবং সেই লড়াকু, যিনি নিজের জন্য কঠিন ক্ষেত্র টেস্ট ক্রিকেটেও দলে ফিরে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন। যেমনটা হয়েছিল গত দক্ষিণ আফ্রিকা সিরিজে। দলে ফিরেই টপ স্কোরার এবং সেটাই ভারতের সর্বশেষ সিরিজ। কেউ একজন সেই প্রসঙ্গ তুললেন এবং খুব একটা পাত্তা পেলেন না,“ওটা সর্বশেষ সিরিজ ছিল। ঠিক আছে। কিন্তু মাঝখানে বিশ্বকাপ এবং আরও অনেক কিছু ছিল। কাজেই এটা আসলে নতুন সিরিজ। এখানে ভালো করতে হবে।” দীর্ঘ লড়াইয়ের পর দলে ফেরা দক্ষিণ আফ্রিকার সেই সিরিজে তিনি নিজে থেকেই ওপেন করার প্রস্তাব দিয়েছিলেন। এবারও দলে স্পেশালিস্ট ওপেনার একজন, এখন যদি ওপেনার হওয়ার প্রস্তাব দেয়া হয় তাহলে! “দলের প্রয়োজনটাই আগে। দল যদি মনে করে আমাকে দিয়ে ওপেন করালে ভালো হবে তাহলে আমি প্রয়োজন মেটাতে প্রস্তুত।”

সৌরভ আর অনিল কুম্বলে একটা জায়গায় একীভূত। দুজনের দিকেই ধেয়ে আসছে বেলা শেষের ডাক। সৌরভ হার মানেননি, কুম্বলে একটা জায়গায় মেনে নিয়েছেন। বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নিয়ে এখন তিনি শুধুই টেস্ট ক্রিকেটার। এই ওয়ানডে থেকে অবসর নেয়ার কারণ কি টেস্ট ক্রিকেটে আরও বেশি মনযোগী হওয়া? কুম্বলে উত্তরটা দিচ্ছেন এভাবে,“আলাদাভাবে মনযোগের কথা বলবো না। তবে হ্যাঁ, ওয়ানডে ছেড়ে দেয়াতে আমি এখন অনেক বেশি নির্ভার।” কুম্বলের সঙ্গে নেই তার বহুদিনের স্পিনসঙ্গী হরভজন সিং এবং কুম্বলে অবশ্যই তাকে মিস করছেন,“সে অসাধারণ একজন বোলার। আমার মনে হয় না তার মতো খেলোয়াড় বেশিদিন দলের বাইরে থাকে।” যেমন কুম্বলে মনে করেন যারা দলে এসেছেন তাদের কেউই যোগ্যতায় পিছিয়ে নেই,“রমেশ বা রাজেশ অনেকদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে সফল। সামর্থ্যে তারা মোটেও পিছিয়ে নেই।”

এদের চেয়ে পীযূষ চাওলার বিষয়ে মতামত জানাটা বেশি জরুরী, কারণ কুম্বলের অবর্তমানে ১৮ বছর বয়সী এই লেগস্পিনারের কাঁধেই লেগস্পিনের ভারটা চাপাতে চায় ভারত। এবং কুম্বলেও বিশ্বাস করেন চাওলার কাঁধটা এই ভার বহনের মতো শক্ত হয়ে উঠবে, তবে  সেজন্য কিছু সময় তাকে দিতে হবে, “১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই জানিয়ে দেয় তার সক্ষমতার কথা। তার সামনে অনেক লম্বা সময় পড়ে আছে। উন্নতি করার অনেক সুযোগ আছে সামনে।” তারপরই সেই প্রশ্ন। দেশের মাটিতে শেন ওয়ার্নকে বাংলাদেশের ব্যাটসম্যানরা আচ্ছামতো পিটিয়েছে, কুম্বলে সেটা জানেন? জানলে কি তিনি ভীত? সুশিক্ষিত এবং রুচিশীল মানুষ হিসাবে তার খ্যাতি আছে। ভদ্রতা তার ভেতরের জেদকে ঘুম পাড়িয়ে রাখে সাধারণত! কিন্তু এবার যেন অহংয়ে ঘা লাগল এবং বেরিয়ে পড়ল ভেতরের জেদি সত্তাটা। ঘোষণার মতো করে জানিয়ে দিলেন,“মনে রেখো, আমিও আগে যতবার এখানে খেলেছি ততোবারই সফল ছিলাম।”

ক্রিকেটারদের জীবনে নিষ্ঠুরতম বিষয়টার নাম বোধহয় সময়। বয়স। তার প্রভাব তাদের ওপরও পড়েছে। আর এটাও ক্রিকেটের নিয়ম এবং নিয়তি যে বয়স হলে চাপটা অনেক বেড়ে যায়। দরজার ওপাশ থেকে ধেয়ে আসা তরুণদের দাবির মুখে পারফর্ম করার তাড়নাটা অনেক বেশি। সেই তাড়নায় তারা তৈরি।

নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীর চোখ দিয়ে দেখলে এই তাড়নাটা আনন্দের। বাংলাদেশের চোখ দিয়ে দেখলে চিন্তার।