২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচটা কিন্তু হতেও পারতো!

মুখের কথা সব সময় মনের কথা নয়। যেমন নয় রাহুল দ্রাবিড়ের এই কথাটা,“ম্যাচটা খেলতে পারলাম না বলে আমরা হতাশ।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

অথচ সিরিজের শেষ ওয়ানডেটা পরিত্যক্ত ঘোষণার আগে ম্যাচ রেফারি এবং দ্ইু আম্পায়ার দু’দলের অধিনায়কের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছিলেন বলেই খবর। মাঠ পর্যবেক্ষণের সময় ম্যাচ অফিশিয়াল এবং দু’দলের ম্যানেজমেন্টের আশপাশে থাকা কয়েকটি সূত্রের কাছ থেকে জানা গেছে, হাবিবুল বাশার ওই অবস্থাতেও খেলতে রাজী ছিলেন। কিন্তু বাদ সাধে রাহুল দ্রাবিড়ের আপত্তি। টেস্ট সিরিজের আগে এমন মাঠে ম্যাচ খেললে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরিতে পড়তে পারেন, এমন আশঙ্কাতেই ভারত অধিনায়ক অনাগ্রহ দেখান। পরে ভারতীয় সাংবাদিকদের কাছে তিনি স্বীকারও করেন,“সিরিজ জিতে গেছি। এই অবস্থায় ঝুঁকি নেয়ার তো কোনো দরকার ছিল না।” অগত্যা বাংলাদেশ অধিনায়ককে হার মেনে ম্যাচ না খেলেই বেরিয়ে আসতে হয়।

মোদ্দা কথা, রাহুল দ্রাবিড় চাইলে টুয়েন্টি --- টুয়েন্টি ম্যাচটা অন্তত হতেই পারতো। এমন ধুমধাড়াক্কা ক্রিকেট দেখার আশাতেই তো বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারিতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার দর্শক।

বাংলাদেশের আবহাওয়া এবং আবহাওয়াবার্তা সবসময়ই বাস্তবতার সঙ্গে যেন একটা রসিকতার চেষ্টা করে। নইলে যেখানে সোমবার রাতেই ঘুর্ণিঝড়ের আঘাত হানার আশংকায় পুরো চট্টগ্রাম আতি ঙ্কত, যার প্রভাবে পুরো দিন বৃষ্টি সেখানে মঙ্গলবার কেন এমন বৃষ্টিহীন দিন কাটবে! সকালেই জানা গেলো ঘুর্নিঝড় দুর্বল হয়ে সরে গেছে এবং তারপর আর বৃষ্টিও নেই। ফলে ম্যাচ আয়োজনের বিলীনপ্রায় সম্ভাবনা আবার জীবন্ত। কিন্তু তার জন্য আগের দিনের বৃষ্টিতে মাঠে জমে থাকা পানি তো সরাতে হবে! আম্পায়াররা সকাল ৯টায় মাঠ পরিদর্শন করে গ্রাউন্ডসম্যানদের সময় দিলেন তিন ঘণ্টা। তারপর ১২ টায় দ্বিতীয় দফা পরিদর্শনের পর ঠিক হলো ১ টায় আবার মাঠ দেখে তারা সিদ্ধান্ত জানাবেন। দর্শকদের অধীর অপেক্ষা, হওয়া না হওয়া নিয়ে অনেক দ্বিধার পর মাঠে ঢুকলেন তারা এবং তারপর দ্রাবিড়ের আপত্তিতে সবার সব চেষ্টা ভেস্তে গিয়ে ম্যাচ বাতিল।

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার সময় নিও স্পোর্টসের ধারাভাষ্যকার আতহার আলী খান গ্রাউন্ডসম্যানদের প্রাণান্ত চেষ্টার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। মানে, একেবারে উপযোগী বানাতে না পারলেও মাঠ এর কাছাকাছি তো গিয়েছিলই। কিন্তু রাহুল দ্রাবিড়ের অনিচ্ছায় তাদের সব চেষ্টাই শেষ পর্যন্ত বিফলে গেছে। বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারও সংবাদ সম্মেলনে এসে এই ম্যাচটা না হওয়ার হতাশা গোপন করতে পারলেন না। অবশ্য ভারত অধিনায়কের অনিচ্ছার কথাটা গোপনই রাখতে চাইলেন। তাকে বলা হয়েছিল,“যতদূর জানা গেছে, আপনি খেলতে চাইলেও রাহুল দ্রাবিড় চাননি।” হাবিবুল প্রসঙ্গটা এড়িয়েই গেলেন একরকম,“আমি এ বিষয়ে কোনো কথাই বলতে চাই না।” ঘটনা সত্যি না হলে নিশ্চয়ই “এটা সত্যি নয়” --- এমন কিছুই বলতেন। তা না করে এড়িয়ে যাওয়াতেই আরো পরিষ্কার, এরকম কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল।

এর কিছু নমুনা মাঠেও দেখা গেছে। যখন ম্যাচ অফিসিয়াল এবং দু’দলের অধিনায়করা শেষ বারের মতো মাঠ পর্যবেক্ষণের জন্য যান, বৃষ্টিতে মাঠের বেশি ভেজা অংশটায় যাওয়ার পর চলছিল আলাপ আলোচনা। জানা গেছে, তখনই ম্যাচ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই অধিনায়কের কোর্টে বল ঠেলে দেন ম্যাচ রেফারি রোশন মহানামা, দুই ফিল্ড আম্পায়ার অশোকা ডি সিলভা ও এনামুল হক মনি। তারপর দুই অধিনায়ক যখন নিজেদের মধ্যে কথা সারছেন, তখন দৃশ্যটা ধারণ করতে যাওয়া ক্যামেরা ক্রুদের ইশারায় সরে যেতে বলেন রাহুল দ্রাবিড়। পাছে আলোচনাটা আবার রেকর্ড হয়ে যায়! বোঝাই যাচ্ছিল স্পর্শকাতর কোনো বিষয় নিয়েই হাবিবুলের সঙ্গে তার আলোচনা চলছিল তখন।