অস্ট্রেলিয়া - জিম্বাবুয়ে সিরিজ নিরপেক্ষ ভেন্যুতেও হচ্ছে না
আলেকজান্ডার ডাউনারের আশঙ্কাই সত্যি হলো! অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আগামী সেপ্টেম্বরে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়তো রাজি হবে না জিম্বাবুয়ে। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে জিম্বাবুয়ে সরকার জানিয়ে দিয়েছে, এ সিরিজ অন্য কোথাও আয়োজনে রাজি নয় তারা। অস্ট্রেলীয় সরকারের অবশ্য তাতে মন খারাপ হওয়ার কিছু নেই। শুরু থেকেই তারা সিরিজটা বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছিল!
এদিকে দলকে জিম্বাবুয়েতে যেতে না দেয়ার সিদ্ধান্তের সমর্থন ইতিমধ্যেই পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে সমর্থন দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে তারাও জিম্বাবুয়ে সফরে দল না পাঠানোর ব্যাপারে চিন্তা -- ভাবনা করবে। ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন মেজরও সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়া সরকারকে।
সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড কথা বলেছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের (জেডসিইউ) প্রধান নির্বাহী ওজিয়াস ভুটের সঙ্গে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল দু পক্ষ রাজি থাকলে সিরিজটা আয়োজন করতে কোনো সমস্যা নেই তাদের। তবে সাদারল্যান্ডের সঙ্গে আলোচনার সময়ই ভুটে জানিয়ে দিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে জিম্বাবুয়ে দলকে খেলার অনুমতি দেবে না তারা। সিএ -- র এক জন মুখপাত্র জানিয়েছেন,“মিস্টার ভুটে পরিষ্কারভাবে বলেছেন, নিরপেক্ষ ভেন্যুতে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। আমরা এখন সন্দেহাতীতভাবে বলতে পারি যে এই সিরিজ জিম্বাবুয়ের ভেতরে কিংবা বাইরে কোথাওই হবে না।”
তবে অস্ট্রেলীয় সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিচ্ছে প্রতিবেশী নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের বিশ্বাস,জিম্বাবুয়ের ব্যাপারে আইসিসির একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে ,“আমরা বিশ্বাস করি, কোনো সরকার কিংবা জাতীয় ক্রিকেট সংস্থার ওপরে সব কিছু ছেড়ে দেয়া অনুচিৎ। জিম্বাবুয়েতে কী কী সমস্যা আছে তা চিহ্নিত করে আইসিসির উচিৎ তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা।”
ক্রিকেটপ্রেমী হিসাবে পরিচিত জন মেজরও অস্ট্রেলীয় সরকারের সফরটা বাতিল করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন সোচ্চারে। আগামীতে ইংল্যান্ডের জিম্বাবুয়ে সফর বাতিলেরও পক্ষে তিনি,“কেউই জিম্বাবুয়ের ক্রিকেটের ক্ষতি করতে চায় না। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আমি তো মনে করি না আমাদের জিম্বাবুয়ে সফরে যাওয়া উচিৎ। কারণ তার ফলে তাদের সরকারই লাভবান হবে।”
