২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আশরাফুল, তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশের সহ-অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শনিবার রাতে ভর্তি হয়েছেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। দলের সঙ্গে চট্টগ্রাম যেতে পারেননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আগামী মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

আশরাফুলের বড় ভাই জানিয়েছেন, “তার জ্বর ১০২ ডিগ্রীর নীচে নামছেই না। ডাক্তাররা অবশ্য বলছেন এটা ভাইরাস জ্বর, বড় কোনো সমস্যা নয়।” এজন্য বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হলেও তাতে তেমন কিছুই পাওয়া যায়নি। তবে একটা রিপোর্টের জন্য ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে এই ব্যাটসম্যানকে ছাড়াই নামছে বাংলাদেশ, এটা এক রকম নিশ্চিতই বলা যায়। তবে অধিনায়ক হাবিবুল বাশার আশাবাদী, “আমার মনে হয় আশরাফুলের বড় কিছু হয়নি। আশা করি ম্যাচের আগেই সেরে উঠবে সে।”

কিন্তু নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আশরাফুলের জায়াগায় ফরহাদ রেজাকে ধরেই ভারতের সঙ্গে শেষ ওয়ানডে খেলার জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ। আশরাফুলের জ্বরের কথা শুনে টিম ম্যানেজমেন্ট প্রথমে তুষার ইমরানের কথা ভেবেছিল, তবে তুষার স্কোয়াডে নেই বলে শেষ পর্যন্ত ফরহাদকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।