প্রিয় ভেন্যুতে জয় চান হাবিবুল
প্রথম দু ম্যাচে হারলেও সব শেষ হয়ে গেছে এমন কিছু ভাবছে না বাংলাদেশ দল। শেষ ম্যাচে কিছু একটা করে দেখানোর প্রত্যয় নিয়েই মঙ্গলবার মাঠে নামবেন হাবিবুলরা। হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি টেস্ট সিরিজ শুরুর আগে মনোবল চাঙ্গা করতে এ ম্যাচে জয়ের কথাই ভাবছে বাংলাদেশ দল।
অধিনায়ক হাবিবুল বাশার রোববার বিকালে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শেষ সুযোগটি কাজে লাগিয়ে জিততে চাই। আগের দুই ম্যাচে হারলেও ছেলেরা ভালো লড়াই করেছে। এ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমাদের জন্য এখনও সিরিজ শেষ হয়ে যায়নি।
এই ম্যাচের পরই শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। তাই শেষ ওয়ানডেটিকে বাংলাদেশ একটু বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলে জানালেন হাবিবুল। এ ম্যাচ জিতেই টেস্ট সিরিজের প্রস্তুতিটা অর্ধেক এগিয়ে রাখতে চান। জয় পেলে দলের সবার মনোবল বাড়বে বলেই মনে করেন তিনি। তা ছাড়া জয় পাওয়া অসম্ভবও নয় তার বিবেচনায়,“ আগের দুই ম্যাচে লড়াই করে আমরা প্রমান করেছি যে, ভারতের বিপক্ষে আরেকটু ভালো করলে জয় পাওয়া খুবই সম্ভব। ”
তবে এ ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়কের কপালে দুশ্চিন্তার ভাঁজও দেখা দিয়েছে। মোহাম্মদ আশরাফুল জ্বরে আক্রান্ত! যদিও ফিজিও এবং ডাক্তাররা মনে করছেন, ম্যাচের আগেই ভালো হয়ে যাবেন এই তারকা ব্যাটসম্যান।
অধিনায়ক জানান, “দ্বিতীয় ম্যাচ শেষে শনিবার রাত থেকেই ভাইরাস জনিত জ্বরে ভুগছে আশরাফুল। হাতে আরো একদিন রয়েছে। আশা করছি এর আগেই ও সুস্থ হয়ে উঠবে।”
প্র্যাকটিস করার কথা থাকলেও পরে তা বাতিল করায় দলের সবাই হোটেলেই সময় কাটিয়েছেন। আশরাফুল ছাড়া সবাই টিম হোটেল পেনিনসুলার ১৫ তলার ছাদের ওপরের সুইমিংপুলে সাঁতার কেটেছেন। বাকি সময়টা কেটেছে ঘুমিয়ে আর আড্ডা দিয়ে ।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দলের পক্ষে নিজেও ভালো কিছু করতে চান অধিনায়ক হাবিবুল বাশার, “চট্টগ্রাম আমার অন্যতম প্রিয় ভেন্যু। তাই এ মাঠে ভালো কিছু করার তাগিদ অনুভব করছি। আগের ম্যাচে রানে ফিরেছি। এবার লম্বা একটি ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখতে চাই।
হাবিবুল বাশারের কাছে চট্টগ্রাম প্রিয় একটি শহর। এই শহরে খেলতে আসা সবসময় উপভোগ করেন বলেও জানিয়েছেন তিনি। “ক্যারিয়ারের শুরুতে আমি চট্টগ্রামকে একটি লাকি গ্রাউন্ড হিসাবে পেয়েছি”-এ কথাও মনে করিয়ে দিতে ভোলেননি হাবিবুল।
সময় ও সুযোগ পেলে তাই তিনি চট্টগ্রামে বেড়াতে কিংবা খেলতে আসেন। এই সিরিজের ফাঁকেও ঘুরতে বের হবেন। তবে তার আগে তার সাম্প্রতিক রান খরা কাটাতে এখানে একটি ভালো ইনিংস খেলতে চান।
এটিই তার শেষ ম্যাচ কিনা এ বিষয়ে ইঙ্গিত প্রদান করলে তিনি বলেন, “ম্যাচ শেষেই আমি এ বিষয়ে কথা বলতে চাই।
সিরিজের ফলাফল নির্ধারিত হয়ে গেছে বলে কি না, বাংলাদেশ কিংবা সফরকারী ভারত কোনো দলই রোববার প্রাকটিস করেনি। প্রচন্ড গরমে শেষ ম্যাচের আগে একদিন সময় হাতে আছে বলে তারা অবসরের সুযোগটি নিয়ে হোটেলে শুয়ে বসেই কাটিয়েছেন। তবে ভারতীয় দলের কেউ কেউ হোটেল ছেড়ে ঘুরতেও বেড়িয়েছেন।
বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার জানান, বাংলাদেশ দলের জন্য প্র্যাকটিস ঐচ্ছিক হওয়ায় রোববার কেউ প্র্যাকটিসে নামেননি।
ভারতীয় দলের সদস্যরাও দিনের বেশিরভাগ সময় হোটেলেই ছিলেন। সিডিউল অনুযায়ী সকালের প্র্যাকটিস বাতিল করে হোটেলেই ছিলেন। তবে কড়া নিরাপত্তার মাঝেও সফরকারী দলটির কেউ কেউ যার যার মতো বেড়াতে বেড়িয়েছেন।
ভারতীয় দলের লিয়াঁজো ওয়াসিম বারী সাংবাদিকদের জানান, দলের ম্যানেজার রবি শাস্ত্রী গলফ খেলতে ভাটিয়ারি গলফ ক্লাবে গিয়েছেন দুপুরের পর। সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। রাহুল দাব্রিড় ও ভেংকটেস প্রসাদ শহর থেকে দূরে সীতাকুন্ডতে অবস্থিত শিপ ব্রেকিং ইয়ার্ড দেখতে গিয়েছেন। আর হোটেল থেকে অদূরে পিজা হাটে খেতে গিয়েছিলেন গৌতম গম্ভীর ও মুনাফ প্যাটেল।
চট্টগ্রামে পৌঁছে প্রথম দিন এভাবে কাটালেও সোমবার দু দলই প্র্যাকটিস করবে ম্যাচের ভেন্যু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। সকালে প্র্যাকটিস করবে ভারতীয় দল এবং বিকালে করবে বাংলাদেশ।
