২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকারই বাতিল করলো জিম্বাবুয়ে সফর

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকারই বাতিল করলো অস্ট্রেলিয়ান দলের জিম্বাবুয়ে সফর। গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, এই সফর বাতিল করার উপায় খুঁজছিল অস্ট্রেলিয়ানরা। সেই উপায় হয়ে এলো সরকারের নিষেধাজ্ঞা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড নির্দেশ দিয়েছেন, স্বৈরশাসক রবার্ট মুগাবের দেশ জিম্বাবুয়েতে সফরে যেতে পারবে না অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। শুধু তা-ই নয়, একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রতিও এই প্রসঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি বদল করার আহ্বান জানিয়েছেন তিনি।

এই সফরের বিরুদ্ধে তাদের মনোভাব অবশ্য কখনোই লুকানোর চেষ্টা করেনি অস্ট্রেলিয়ান সরকার। কিন্তু সমস্যা বাঁধছিল আইসিসির আইন নিয়ে। নিয়ম অনুযায়ী আইসিসির সদ দেশগুলোয় নির্ধারিত কোনো সফর বাতিল করলে বিপুল অঙ্কের জরিমানা দিতে হয়। বিশ্ব চ্যাম্পিয়নদের সফর মুগাবে সরকারের স্বৈরাচারি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে, এই কথা ভেবেই সফরটা বাতিলের উদ্যোগ, সে জন্য প্রয়োজনে এই জরিমানার টাকাও দিতে প্রস্তুত ছিলেন জন হাওয়ার্ডরা। কিন্তু জরিমানার ২০ লাখ ডলার যে আবার সেই মুগাবে সরকারের হাতেই চলে যাবে! তাই বিকল্পের সন্ধান। আর সে কারণেই সিদ্ধান্ত নেওয়ার দায় থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়াকে মুক্তি দিয়ে খোদ সরকারই নিষেধাজ্ঞা জারি করলো। এবিসি রেডিওকে প্রধানমন্ত্রী হাওয়ার্ড জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনারকে তিনি নির্দেশ দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করে তাদের জানিয়ে দিতে ডে ওই সফর বাতিল করা হয়েছে।

“সরকারের পক্ষ থেকে লিখিতভাবেই জানানো হয়েছে এই সফরটি হচ্ছে না। আমরা ব্যাপারটাকে মোটেই হাল্কাভাবে দেখছি না, বরং আমরা নিশ্চিত যে এই সফরটা কার্যকর হলে মুগাবে সরকারের পক্ষে প্রচারণায় সেটা একটা বিশাল ভূমিকা রাখবে”-বলেছেন হাওয়ার্ড। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি মুগাবে সরকারের আচরণকে গেস্টাপো স্টাইলের বলে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে এই বিষয়ে আইসিসির দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আইসিসি ব্যাপারটাকে যে ভাবে দেখছে সেটাও মোটেই ঠিক হচ্ছে না। আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যেন তারা তাদের আইন বদল করে মানবাধিকার মারাত্মকভাবে লংঘিত হচ্ছে এমন দেশে সফর বাতিল করার সুযোগ রাখে, কিন্তু তারা সেটা করতে রাজি হয়নি।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড অবশ্য জানিয়েছেন, সফর বাতিল করা হলেও সিরিজটা এখনো বাতিল করা হয়নি। তারা বিকল্প হিসেবে সিরিজটি কোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার চেষ্টা করবেন।

আর সরকারের এই সিদ্ধান্তে কোনো দ্বিমত নেই জানালেও অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মনে করিয়ে দিয়েছেন আইসিসির সদস্য দেশগুলোয় সফরের ব্যাপারে তার দলের দায়বদ্ধতার কথা।