২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব কি তাহলে ৩০-৪০ রানের ব্যাটসম্যান হয়েই থাকবেন?

বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে বিদেশীদের মুখে অবধারিতভাবে মোহাম্মদ আশরাফুলের নামটি উচ্চারিত হয় বেশ শ্রদ্ধাভরে। সঙ্গে আরো একটি নামও যোগ হতে পারতো-আফতাব আহমেদ। হয়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কারণ, আশরাফুল যখন তার লম্বা ইনিংস ও ব্যাটিং কীর্তি দিয়ে নিজেকে অনেক উচুঁতে তুলে নিয়েছেন, তখন আফতাবের স্রেফ একজন ‘প্রতিভাবান ব্যাটসম্যান’-এর বাইরে কোনো স্বীকৃতি নেই। বিশেষভাবে চেনানোর জন্য বলা যেতে পারে, কার্ডিফে গিলেস্পিকে চার-ছক্কা মেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দেওয়া সেই ব্যাটসম্যান। সেঞ্চুরিহীন এই ব্যাটসম্যানকে চেনানোর জন্য আর কীইবা বলা যায়। সবাই বলেন, আফতাব এখন ৩০-৪০ রানের ব্যাটসম্যান !

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোরও বলেছেন একই কথা, “আফতাব যখন ৩০-৩৫ রান করে তখন আমি দুশ্চিন্তায় থাকি, তখন মনসংযোগ হারিয়ে সে উইকেট দিয়ে চলে আসে। আজকের ইনিংসটা এর বড় উদাহরণ।” চমৎকার খেলে ৪১ বলে ৪০ রান করে তিনি ফিরে এসেছেন বোল্ড হয়ে। কোচের চোখে, “আজই চমৎকার সুযোগ ছিল ইনিংসটা লম্বা করার।” কিন্তু কেন এমন হচ্ছে ? কোচের কাছে এর উত্তর হচ্ছে, ‘‘মনসংযোগ হারিয়ে ফেলা।’’

কিন্তু ইদানীং যে এটা রোগ হয়ে দাঁড়িয়েছে, ৩০-৩৫ করার পর আউট হওয়ার ভয় পেয়ে বসে না তো তাকে! মাঠে নেমেই যিনি বাহারি শটের ফুলঝুরি ছোটান, সেই তিনিই কিনা ৩০-এর পরে ছটফট করেন আউট হওয়ার জন্য। অথচ ব্যাটিং, দ্রুত বড় ইনিংস খেলার ক্ষমতাই ছিল তার মূল সম্পদ। এজন্যই তো স্কুলে পড়ার সময় এই কিশোরের ব্যাটিং সৌকর্য দেখে শিক্ষক মোহিত হয়ে তাকে বিনে পরীক্ষায় নামী স্কুলে ভর্তি করে নিয়েছিলেন। সেই সৌন্দর্য্য যখন আরো ডাল-পালা মেলতে শুরু করলো, তখন নজরে পড়ে গেলেন নির্বাচকদের। দলে ঢুকে বেশ কিছু ইনিংস দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে জায়গা যখন পাকা হওয়ার কথা, তখনই তাকে নিয়ে নতুন সমস্যা। ৬৬ টি ইনিংসে ১২ টি ফিফটি করা এই ব্যাটসম্যান সর্বশেষ ফিফটি করেছেন এবছর ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে অপরাজিত ৯২ রানের ইনিংসের পর থেকে ১৩ টি ইনিংসে তার কোনো ফিফটি নেই !

তাকে নিয়ে দুশ্চিন্তা আছে নির্বাচকদের মধ্যেও। প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য আশাবাদী, “আগে যেমন মেরে আউট হয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, এখন সেটা নেই। সে নিজেও চেষ্টা করে বড় ইনিংস খেলার জন্য। নিজেকে ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আস্তে আস্তে হয়ে যাবে আশাকরি।”

এই আশা যত তাড়াতাড়ি সত্য হবে ততই বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল। নইলে কিন্তু “৩০-৪০ রানের ব্যাটসম্যান”-এই অবজ্ঞাসূচক পরিচয়টাই স্থায়ী হয়ে যাবে।