ব্যাটসম্যান মাশরাফির তাণ্ডবটাই বাংলাদেশের প্রাপ্তি
মাশরাফি এই ম্যাচেও আফসোসের কেন্দ্রবিন্দু। আগের ম্যাচে আফসোস করিয়েছিলেন না খেলে। এই ম্যাচে করালেন খেলে।
আর এবার বল হাতে নয়, ব্যাট হাতে। খোড়া পা নিয়ে দীনেশ মঙ্গিয়ার ওপর এমন চোট নিলেন যে ভরাডুবির মুষ্টিলাভের মতো এই ম্যাচে তার টানা চার বলে মারা চার ছক্কাই হয়ে থাকল বাংলাদেশের একমাত্র সার্থকতার ছবি। আফসোসেরও। কারণ প্রথমত, মাশরাফি চার ছক্কা মারতে পারলে টপ অর্ডার ব্যাটসম্যানরা কেন বড় ইনিংস খেলতে পারবেন না! এবং দ্বিতীয়ত, হার নিশ্চিত ধরে মাঠের অধিকাংশ দর্শকই তো ততক্ষনে বাড়িমুখী। বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে প্রথমবারের মতো চার ছক্কার ঘটনা না দেখতে পারার হতাশা তাদের দীর্ঘদিন পোড়াবে।
এই সেদিনও বিষয়টা এমন ছিল যে বাংলাদেশ খেলার জন্যই খেলত শুধু। বিশাল ব্যবধানের সব হার আর ম্যাচ শেষে ভবিষ্যতের প্রতিশ্রুতি। তো সেসব ম্যাচে বাংলাদেশের অর্জন খুঁজতে ব্যক্তিগত সাফল্যেরই সন্ধান চলতো। কে ফিফটি করলো। কে কয়েকটা উইকেট পেয়ে গেল। সেই দিন পেছনে গেছে, এখন বাংলাদেশ এমন দল, যে দল মাঝে-মধ্যেই যাকে-তাকে হারিয়ে দেয়। কিন্তু হারানো দিনটা মাঝে-মধ্যে আংশিক ফিরেও আসে। এই ম্যাচের ব্যবচ্ছেদ করতে গিয়ে যা পাচ্ছি তা-তো ব্যক্তিগত কিছু হিসাবই। মাশরাফিরটা তো বলা হলোই; বাদ পড়ার হুমকির মুখে দাঁড়ানো দুজন হাবিবুল বাশার এবং মুশফিকুর রহিমও এই ম্যাচে অল্প-বিস্তর রান করে দলে জায়গা ধরে রাখার কাজ করেছেন। আর আফতাব যথারীতি দারুণ শুরুকে করুণ পরিনতি দিয়েছেন।
ব্যক্তিগত খেলা যোগ হয়ে হয়েই ক্রিকেট দলীয় খেলা, কিন্তু যে ব্যক্তিগত অর্জন দলের কাজে আসে না সেটা ব্যক্তির প্রাপ্তির হিসাবেই সীমিত থাকে। এই ম্যাচের বাংলাদেশের পারফরম্যান্স তাই আর ঠিক দলীয় পারফরম্যান্স নয়। দলীয় পারফরম্যান্স নয় বলেই ম্যাচের শুরু থেকেই লাগামটা ভারতের হাতে। এবং ভারতীয় ক্রিকেটে যতই পতনের ডাক শোনা যাক, এখনও বাংলাদেশের বিপক্ষে লাগাম একবার ধরে ফেললে হাতছাড়া করার দল তারা নয়।
হাবিবুল বাশার এই ম্যাচে অনেক্ষণ উইকেটে থাকলেন। থেকে যেন আরও বেশি করে জানালেন যে ওয়ানডেতে তার দিন প্রায় শেষ। ভাবা যায়, তার মাপের ব্যাটসম্যান উইকেটে, অথচ সিঙ্গেল বেরোচ্ছে না! মুশফিকুরও কেতাবি ব্যাটিং করেন, কাজেই ওদের জুটি বড় হার যেমন ঠেকিয়েছে, তেমনি বল আর রানের ব্যবধান বাড়িয়ে ম্যাচে হারটাও নিশ্চিত করেছে। হাবিবুল ছক্কা মেরেছেন দুটো, কিন্তু কোনো বাউন্ডারি নেই, এই তথ্য ফিল্ডিংয়ের ফাঁক বের করার অক্ষমতাও প্রকাশ করে। ওয়ানডের মাঝের ওভারগুলোতে সিঙ্গেল নেয়ার ক্ষমতাই সিংহভাগ ম্যাচের গতি আর প্রকৃতি ঠিক করে দেয়। ২৮৪ রানের ম্যাচে ৮৮ বলে ৪৩ রান অধিনায়কের কাছ থেকে গ্রহনযোগ্য স্কোর নয়। যেমন গ্রহনযোগ্য নয় আফতাবের ইনিংসটার ৪০ রানে থেমে যাওয়াও। দারুণ শুরুতে সম্ভাবনা জাগানো এবং বিশ্রী পরিণতিতে সেই সম্ভাবনার জলাঞ্জলি দেয়া আফতাবের ব্যাটিংয়ের চিরস্থায়ী ছবি হতে যাচ্ছে। অথচ এমন বড় ইনিংস তাড়া করতে হলে তার মতো স্ট্রোকসমৃদ্ধ ব্যাটসম্যানদেরই দীর্ঘক্ষণ থাকা জরুরী। কিংবা থাকতে হয় তামিম-আশরাফুলদের কেউ একজনকে। তামিম রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়লেন আর আশরাফুল অভিষিক্ত পীযুষ চাওলার বুদ্ধিমত্তার শিকার। চাওলার গুগলিটি বুঝতে না পেরে বোল্ড। ফলে ১০০-র ভেতরেই প্রথম পাঁচজন নেই এবং আশা আসলে ওখানেই শেষ। এরপর মরীচিকার পেছনে ছোটা। আর এমন মরচে ধরা ব্যাটিং মরীচিকাকে আরও মরীচিকা বানায়।
বাংলাদেশের ক্রিকেট নিজেকে কোনো সংজ্ঞায় ফেলতে চায় না। চায় না বলেই বোধহয় ফিল্ডিংয়ে এমন চড়াই-উৎরাই। বিশ্বকাপে যে বাংলাদেশের ফিল্ডিংয়ের প্রশংসায় বিদেশীরা মাতোয়ারা হয়ে গিয়েছিল সেই বাংলাদেশ দেশের দর্শকদের সামনে যে ফিল্ডিংটা করছে সেটা সোজা ভাষায় হাস্যকর। আগের ম্যাচে কার্তিকের রান আউট মিসে ম্যাচটাই মুঠো গলে বেরিয়ে গিয়েছিল, এই ম্যাচেও ক্যাচ পড়ল, ভারতীয়রা সিঙ্গেলসকে ডাবল বানালেন, রান চুরি করলেন ইচ্ছামতো কিন্তু তাদের রান আউট করা গেলো না।
আগের ম্যাচের নায়ক ধোনির ক্যাচ পড়ল শুন্য রানে, ২৩ রানে আবার বদান্যতা দেখিয়ে ক্যাচ ফেলে দিলেন রাজ্জাক। দেশের দর্শকদের স্পিনাররাও তাদের বিশ্বকাপ যাদু দেখাতে কেমন যেন গড়িমসি করছেন। কাজেই এই উইকেটে আগে ব্যাট করে ভারতের ২৮৪ রানে বিস্ময় কিছু নেই। এমন কোনো আহামরি ব্যাটিং নয়, ৫ এর নামতা পড়ে পড়েই ওরা ওদের রানের চাকা ঘুরিয়েছে, মাঝখানে কিছু আলগা বলের ওভারে সেটা পৌঁছে গেছে ২৮৪-তে। স্লগিংটা ঠিকমতো হয়নি বলে দ্রাবিড়ের খানিকটা আফসোস আছে, তবু কন্ডিশন বিবেচনায় তিনি খুশি। বাংলাদেশ দলও খুব হতাশ নয়। হোয়াটমোর যেমন ম্যাচ শেষে মুল্যায়নে বলছেন, “ভারত বাংলাদেশের চেয়ে একটু ভালো ক্রিকেট খেলছে।” এই কথায় সুর মেলাবে সিংহভাগ মানুষ। কিন্তু তাদের দলে পড়েন না রবি শাস্ত্রী।
ভারতের এই অন্তর্বর্তী কোচ কী কারণে যেন বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করার দিকেই মন দিয়েছেন। গত ম্যাচে কোনোভাবে জেতার পর ঘোষণা করলেন, ভারতকে হারাতে হলে বাংলাদেশকে এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। তুলনামুলক সহজে এই ম্যাচ জেতার পর তার ভাব-ভঙ্গি বিশ্বকাপ জেতার মতোই। হোয়াটমোরের মুল্যায়নটা কেউ একজন তার গোচরে আনলেন। রবি শাস্ত্রী উদ্ধত ভঙ্গিতে বললেন, “হোয়াটমোরকে আরও কয়েকদিন পর এই প্রশ্নটা জিজ্ঞেস করো!” অঙ্গ-ভঙ্গিটাই ক্রিকেটীয় শিষ্টাচারবিরোধী। আর সত্যি বললে ভারত এমন আহামরি কিছু খেলেওনি এবং বাংলাদেশও তাচ্ছিল্যের শিকার হওয়ার মতো খারাপ নয়।
শাস্ত্রী তবু আশা করছেন, আগামী ম্যাচগুলোতে ভারত বাংলাদেশকে উড়িয়ে দেবে।
আমরা আশা করছি, বাংলাদেশ ছন্দ ফিরে পেয়ে ওদের কাজটাকে আরও কঠিণ করবে।
শাস্ত্রীর এই বাড়াবাড়ি আশার ভীত কী তিনিই জানেন, কিন্তু আমরা জানি আমাদের আশার ভীত নতুন বাংলাদেশ। বিশ্বকাপজাত বাংলাদেশ।
