বিফলে গেল মাশরাফির এক ওভারে চার ছক্কা
৬০ রানে তিন উইকেট হারানোর পরও আশা ছিল, আশার আলো দেখাচ্ছিলেন মোহাম্মদ আশরাফুল আর আফতাব আহমেদ। কিন্তু ওই দুজনের বিদায়ের পর আর লড়াই ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলায়।
হাবিবুল বাশার আর মুশফিকুর রহিমের ৫৯ রানের জুটি কিংবা একেবারে শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার এক ওভারে চার ছক্কা, কোনোটাই কাজে আসেনি। গ্রামীণফোন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৮৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পেরেছে মাত্র ৯ উইকেটে ২৩৮ রান। ৪৬ রানের জয় পেয়ে সিরিজ জেতাও নিশ্চিত করে ফেলেছে ভারত। ১৫ মে চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা।
বাংলাদেশের সর্বনাশটা করেছেন পিযুষ চাওলা। ওয়ানডে অভিষেকেই বছর ১৮বয়সী এই তরুণ লেগস্পিনার নিয়েছেন ৩৭ রানে ৩ উইকেট। তার প্রথমটার শিকার আশরাফুলের বিদায়েই আসলে শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বপ্ন। ৬০ রানে তিন উইকেট পড়ার পর আশরাফুল আর আফতাব আহমেদ যেভাবে ব্যাট করছিলেন, তাতে যে কোনো স্কোরকেই অসম্ভব বলে মনে হচ্ছিল না। কিন্তু ওয়ানডেতে নিজের একাদশ বলেই দুর্দান্ত এক গুগলিতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেছেন এই তরুণ, বল তার ব্যাটের কানায় লেগে আঘাত হেনেছে স্টাম্পে। এরপরও যেটুকু আশা ছিল, দু ওভার বাদেই রমেশ পাওয়ারের নিরীহদর্শন একটি বলে বোল্ড হয়ে আফতাবের ৪১ বলে ৪০ রানের ইনিংসটার সমাপ্তির সঙ্গে শেষ হয়ে গেছে সেটাও।
হাবিবুল আর মুশফিক এরপর ৫৯ রানের জুটি গড়েছেন, কিন্তু ওই জুটিটাই আসলে একটু একটু করে ম্যাচটাকে নিয়ে গেছে ধরা ছোঁওয়ার বাইরে। দীনেশ মঙ্গিয়ার করা ৪৭তম ওভারে মাশরাফির চার ছক্কা তাই কেবল হতাশাই বাড়িয়েছে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের একই ওভারে চার ছক্কা মারার ঘটনা এটাই প্রথম। পরের ওভারের প্রথম বলেই আরেকটি ছক্কা মারতে গিয়ে অবশ্য শেষ হয়ে গেছে মাশরাফির ২২ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংসটা।
বাংলাদেশের ইনিংসে সেটা দ্বিতীয় সর্বোচ্চ। তবে সর্বোচ্চ স্কোরার হাবিবুলের সঙ্গে তার আকাশ-পাতাল পার্থক্য। ৪৩ রান করতে হাবিবুল ৮৮ বল খেলে ফেলায় রানে ফিরেও বাংলাদেশ অধিনায়ক ফিরতে পারলেন না স্বস্তিতে। শেষ দিকে গিয়ে অবশ্য একটু চেষ্টা করেছিলেন তিনি। নিজের দ্বিতীয় ছক্কাটি মারার পর তৃতীয়টি মারার মরিয়া চেষ্টাতেই চাওলাকে উইকেট উপহার দিয়েছেন তিনি। আগের বলেই তার দেওয়া স্টাম্পিংয়ের সুযোগ মিস করলেও পরের বলে আবার সেই সুযোগ পেয়ে আর মিস করেননি মহেন্দ্র সিং ধোনি।
মুশফিকের ৩৫ রানের ইনিংসটা অবশ্য শেষ হয়েছে এর আগেই। যুবরাজের প্রথম ওভারেই দীনেশ কার্তিককে তার দ্বিতীয় ক্যাচটি উপহার দিয়েছেন তিনি। আর এরপর ছক্কা মারারই চেষ্টায় চাওলার তৃতীয় শিকার হয়েছেন ১৯ বলে ১৪ রান করা রফিক।
২৮৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ধাক্কাটা খেয়েছে তামিমের রানআউটে। মিডঅফে বল ঠেলে দিয়ে রানের জন্য ছুটেছিলেন তিনি, কিন্তু ননস্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে জাভেদ ওমর তাতে মোটেই সাড়া দেননি। চাওলার থ্রো যখন উইকেট ভেঙ্গে দিল, মাঝপথ থেকে ফিরতে থাকা তামিম (৭) তখনো অনেক দূরে। এরপর দুটি উইকেট নিয়ে জহির খান বাংলাদেশকে ঠেলে দিয়েছেন ব্যাকফুটে। তার প্রথম শিকার জাভেদ (১১) আউট হয়েছেন মিড অফে দীনেশ কার্তিকের দারুণ এক ক্যাচে। তারপর সাকিব আল হাসান (৫) ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে।
এর আগে গৌতম গম্ভীরের সেঞ্চুরি আর তার সঙ্গে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের অপরাজিত ৪২ রানের ইনিংসের কল্যাণে গ্রামীনফোন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ৪৯ ওভারে তুলেছে ৮ উইকেটে ২৮৪ রান।
স্কোরটা কিন্তু আরেকটু বড়ই হতে পারতো। গম্ভীর (১০১) যতক্ষণ ব্যাট করছিলেন, তিনশ ছাড়ানো একটা স্কোরের সম্ভাবনাই উঁকি দিচ্ছিল। সেটা হতে দেননি বাংলাদেশের বোলাররা। ৮০ পেরোনোর পর মাংসপেশিতে টান পড়া গম্ভীরকে প্লেড অন করে দিয়ে শুরুটা করেছেন রাসেলই, তবে এরপর দায়িত্বটা যথারীতি কাঁধে তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনাররা। মোহাম্মদ রফিক আর আব্দুর রাজ্জাক এরপর ঝটপট আরো তিনটি উইকেট ফেলে দেওয়ায় ভারতের রানের গতি কমে গেছে বেশ খানিকটা।
রাজ্জাকের বলে ছক্কা মারতে গিয়ে মিড অফ বাউন্ডারিতে রফিকের হাতে ধরা পড়েছেন দীনেশ মঙ্গিয়া (১৭), নিজের শেষ ওভারে রফিক এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান দীনেশ কার্তিককে (৬), আর তারপর ইনিংসে দ্বিতীয়বার নিজেকে মেলে ধরে মুশফিক রাজ্জাকের একটা ওয়াইড বলে দারুণ এক স্টাম্পিং করে ফিরিয়ে দিয়েছেন পিযুষ চাওলাকে (১)। তৃতীয় স্পেলে ফিরে মাশরাফি বিন মুর্তজাও যোগ দিয়েছেন এই শিকার অভিযানে, রমেশ পাওয়ারকে (৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে প্রথম দু স্পেলে ভালো বোলিং করেও উইকেট না পাওয়ার দুঃখ ভুলেছেন এই পেসার।
এ সময় বাংলাদেশি বোলাররা নিয়ন্ত্রিত লাইন লেন্থে বল করে যাওয়ায় জহির খানের ৪ বলে ৯ রানের ইনিংসটার পরও শেষ ৯ ওভারে মাত্র ৬৩ রান তুলতে পেরেছে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রফিক, ৫৯ রান দিয়ে তিনি নিয়েছেন তিন উইকেট। রাজ্জাক ৫৯ আর রাসেল ৪৯ রানে দুটি করে উইকেট নিয়েছেন আর শেষ ওভারে ১৫ রান দেওয়ার পরও ১০ ওভারে ৫৭ রান দিয়ে মাশরাফি পেয়েছেন একটি উইকেট।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরুটা রফিকের হাত ধরেই। দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে গম্ভীর আর প্রথম ম্যাচে ভারতের জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনি যখন চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়কের কপালে রফিকই তাকে চিন্তামুক্ত করেছেন ধোনিকে ফিরিয়ে দিয়ে। এ জন্য অবশ্য উইকেট কিপার মুশফিকুর রহিমের কাছে কৃতজ্ঞতা আছে তার। আগে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন, কিন্তু মুশফিকের দারুণ একটা ক্যাচেই বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় সাফল্য। রফিকের বলটি আগের ম্যাচে ভারতের জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনির (৩৬) ব্যাটের কানায় লেগে নিচু হয়ে বেরিয়ে যাচ্ছিল, চিতার ক্ষিপ্রতায় তা গ্লাভসবন্দী করেছেন এই তরুণ।
এরপর নিজের ষষ্ঠ ওভারে দুর্দান্ত এক রিটার্ন ক্যাচ নিয়ে যুবরাজ সিংকে ফিরিয়ে দিয়েছেন রফিকই। ২২ বলে দুটি ছক্কা আর দুটি চারে ২৪ রান করা যুবরাজ কিন্তু ঝড়েরই ইঙ্গিত দিচ্ছিলেন।
দ্বিতীয় উইকেটে ওই জুটিটা কিন্তু এত বড় হতে পারতো না যদি বাংলাদেশ কাজে লাগাতে পারতো হাতের কাছে পাওয়া সুযোগগুলো। ক্রিজে এসেই দুটি সুযোগ দিয়েছিলেন ধোনি, তারপর সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের পর পর দুটি ওভারে দিয়েছিলেন আরো দুটি সুযোগ- প্রথমটি মিস করেছেন উইকেটকিপার মুশফিকুর রহিম, পরেরটি রাজ্জাক নিজেই। রাজ্জাকের প্রথম ওভারে গম্ভীরের ব্যাটের ভেতরের কানায় লেগে ওঠা সহজ ক্যাচটাও নিতে পারেননি মুশফিক।
বাংলাদেশকে প্রথম সাফল্যটি এনে দিয়েছেন সৈয়দ রাসেল। প্রথম সাতটি ওভার দেখেশুনে খেলার পর অষ্টম ওভারের প্রথম বলে বিশাল একটা ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েছিলেন বীরেন্দর শেবাগ। কিন্তু তিন বল পরেই দারুণ প্রতিশোধ নিয়েছেন রাসেল, আরেকটি ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে বল আকাশে তুলে দিয়ে ফিরে গেছেন শেবাগ। মিড অফে জাভেদ ওমরের হাতে ধরা পড়ার আগে তিনি করেছেন ২১। ভারতের স্কোর ৪৩/১, পরের ওভারে সেটা হতে পারতো ৪৩/১, কিংবা ৪৭/২। মহেন্দ্র সিং ধোনি দু দুবার ক্যাচ দিয়েছিলেন প্রথমটির নাগালই পাননি উইকেটকিপার মুশফিকুর রহিম, দ্বিতীয়টা অনেক পেছনে দাঁড়ানো স্লিপ ফিল্ডার সাকিব আল হাসানের কাছে গেছে ড্রপ খেয়ে।
বৃষ্টিতে আধঘন্টা দেরিতে খেলা শুরু হওয়ায় এই ম্যাচটি সীমিত করা হয়েছে একটু, প্রতি দল খেলার সুযোগ পাবে ৪৯ ওভার করে। সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়। বাংলাদেশকে তাই নামতে হয়েছে ফিল্ডিংয়ে।
যেমনটি ধারণা করা হয়েছিল, বাংলাদেশ দলে একটি পরিবর্তন আছে। ইনজুরি সেরে ওঠায় ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা, তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক পেসার শাহাদত হোসেন।
ভারতীয় দলও বাধ্য হয়েছে একটি পরিবর্তন করতে। প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন শ্রীশান্থ, তার জায়গায় এই ম্যাচে খেলছেন রুদ্রপ্রতাপ সিং।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, জাভেদ ওমর, হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক ও সৈয়দ রাসেল।
ভারত দল: বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, দীনেশ মঙ্গিয়া, দীনেশ কার্তিক, রমেশ পাওয়ার, জহির খান, মুনাফ প্যাটেল, পিযুষ চাওলা।
