২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ইয়ার্ডলি!

ভারতের স্কোর ২৮৪ দেখে স্বাগতিক দর্শকরা যখন হতাশ তখনো বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ব্রুস ইয়ার্ডলি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সাবেক অস্ট্রেলিয়ান পেসারের এই আশা মূলতঃ দুজনকে ঘিরে। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল।

বাংলদেশ-ভারত ক্রিকেট সিরিজে ধারাভাষ্য দিতে আসা ব্রুস ইয়ার্ডলি মনে করেন, “২৮৪ রান তাড়া করার মতো ক্ষমতা বাংলাদেশের আছে। এজন্য প্রথমে দরকার তামিম ইকবালের উড়ন্ত সূচনা। ১০ ওভারে স্কোরবোর্ডে ৮০ রানের মতো যোগ করতে পারলে পরের কাজটা সহজ হয়ে যাবে।”

হার্ড হিটার তামিমের শুরু করে দেওয়া ইনিংসটাকে টেনে নেওয়ার জন্য ব্যাটিং অর্ডারে আশরাফুলকে ওপরে নিয়ে আসতে হবে বলেই ইয়ার্ডলি মনে করেন, “অবশ্যই আশরাফুলকে তিন নম্বরে পাঠানো উচিত। তার হাতে সব ধরনের শট আছে, তাই ভাল গড়ে রানে চাকা সচল রাখতে পারবে একমাত্র এই ব্যাটসম্যানই।” তিন নম্বরে প্রথম ম্যাচে খেলেছেন অধিনায়ক হাবিবুল বাশার, আশরাফুল খেলেছেন পাঁচ নম্বরে।

ইয়ার্ডলি এটাকে ৩০০ রানের উইকেট মনে করেন। তাই ভারতের স্কোর ৩০০ ছুঁতে না পারার জন্য এই অস্ট্রেলিয়ান বোলার ভারতের ব্যাটসম্যানদের দুষলেন, “শেষের দিকে তারা মোটেই ভাল ব্যাটিং করেনি, ওই সময় যারা খেলেছে তাদের হাতে শট নেই বলে মনে হয়েছে আমার। এসময় বাংলাদেশী বোলাররা অবশ্য খুব বুদ্ধি করেই বল করেছে।”