২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও জিম্বাবুয়ে সফরের বিরুদ্ধে

আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার জিম্বাবুয়ে সফর নিয়ে জটিলতা কমার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। বরং দিন দিন তা বেড়ে যাচ্ছে আরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কয়েক দিন ধরে এই সফর নিয়ে জন্ম নেয়া অনেক বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন জন হাওয়ার্ড। শুক্রবার ‘অস্ট্রেলিয়ান রেডিও’র সঙ্গে কথা বলার সময় জিম্বাবুয়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর মতে জিম্বাবুইয়ান প্রেসিডেন্ট রবার্ট মুগাবের স্বৈর শাসনের সঙ্গে শুধু দ্বিতীয় মহাযুদ্ধের জার্মান নাৎসি বাহিনীর তুলনা করাই সম্ভব!

“ওদেশের (জিম্বাবুয়ের) গল্প শুধুই অত্যাচার আর নিষ্ঠুরতার। পুলিশের গোপন বাহিনী বিরোধী দলের ৬০০ জন সদস্যের নাম কম্পিউটার থেকে টুকে নিয়েছিল। তার পর প্রত্যেকের বাড়ি গিয়ে অত্যাচার চালানো হয়েছে তাদের ওপর। গেস্টাপো বাহিনীর নিষ্ঠুরতার মতোই ব্যাপারটা”-মুগাবের স্বৈরাচারী মনোভাব সম্পর্কে হাওয়ার্ডের মন্তব্য। আর সেজন্যই রিকি পন্টিংয়ের দলের জিম্বাবুয়ে সফরের তিনি ঘোর বিরোধী,“আমাদের সরকার এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ায় ভীষণ খারাপ লাগছে আমার। তবে তার চেয়েও বেশি খারাপ লাগছে রবার্ট মুগাবেকে প্রচারণামূলক বিজয় দিতে হচ্ছে বলে।”

আগের দিন এই সফর বাতিল করার উদ্দেশ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার কয়েক জন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনই সফর বাতিলের ঘোষণা দিতে রাজি হয়নি। ডাউনার অবশ্য জানিয়েছেন আইনগত ব্যবস্থা নিয়ে হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের জিম্বাবুয়েতে যেতে বাধা দেবেন তারা। তার পর দিন অর্থাৎ শুক্রবার হাওয়ার্ড জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানালেন আইসিসি’র কাছে,“আমার দৃঢ় বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যথেষ্ট দায়িত্বশীল একটি সংস্থা। অন্যান্য সংস্থার মতো তাদেরও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি দায়বদ্ধতা থাকা প্রয়োজন।”